মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প হেরে গেছেন, এবার মোদিও হারবেন: সৌগত রায়
https://parstoday.ir/bn/news/india-i85923-মার্কিন_যুক্তরাষ্ট্রে_ট্রাম্প_হেরে_গেছেন_এবার_মোদিও_হারবেন_সৌগত_রায়
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প হেরে গেছেন, এর পরের বার মোদিও হারবেন। তিনি আজ (শনিবার) ব্যারাকপুরে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৯, ২০২১ ১৫:৩০ Asia/Dhaka
  • মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প হেরে গেছেন, এবার মোদিও হারবেন: সৌগত রায়

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প হেরে গেছেন, এর পরের বার মোদিও হারবেন। তিনি আজ (শনিবার) ব্যারাকপুরে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

অধ্যাপক সৌগত রায় বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র  সমালোচনা করে বলেন, ‘মোদি এবং অমিত শাহ দু’জনে আহমেদাবাদে বসে ছিল ট্রাম্পকে অভ্যর্থনা দেওয়ার জন্য। দিল্লিতে সে সময়ে রায়ট হচ্ছে, ভারতবর্ষে সেসময়ে করোনা হচ্ছে। কিন্তু সেসময়ে ওরা ট্রাম্পকে স্বাগত জানিয়েছে। আজকে ট্রাম্প হেরে যাওয়ার পরে মোদির লজ্জা থাকলে দেশের মানুষের কাছে কান ধরে ক্ষমা চাওয়া উচিত ছিল। সেই সৎ সাহস মোদির নেই।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হোম টাউন হল গুজরাটের আহমেদাবাদ। গতবছর ফেব্রুয়ারিতে ভারত সফরের সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহমেদাবাদে বিপুল জনসমাবেশের মধ্য দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্প এ সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সত্যিকারের বন্ধু বলে উল্লেখ করেন ট্রাম্প।    

অধ্যাপক সৌগত রায় পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষের তীব্র কটাক্ষ করে আরও বলেন, ‘দিলীপ ঘোষ এখানে উন্মত্ত ষাঁড়ের মত চিৎকার করে বেড়াচ্ছে আমরা বিজেপি, আমরা জিতব। আরে তুমি কী জিতবে? তোমার মোদির বাবা ট্রাম্প তো হেরে গিয়েছে। এর পরের বার মোদিও হারবে।’

আজ ব্যারাকপুরের ওই সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেতা ও আইনজীবী  কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বঙ্গ বিজেপি ক্ষ্যাপা ষাঁড়ের মত দৌড়াচ্ছে সারা পশ্চিমবাংলায়। ক্ষ্যাপা ষাঁড়। আগে আমি দিলীপ ঘোষকে বলতেন, ক্ষ্যাপা দিলীপ, পাগলা দিলীপ। এখন আর বলি না ক্ষ্যাপা দিলীপ, পাগলা দিলীপ। এখন বলি ক্ষ্যাপা ষাঁড়!

বিজেপি সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওরা রাম নবমীর আগে দাঙ্গা বাধাতে পারে। কিন্তু এত সহজ? যদি কোনও জায়গায় ওরা দাঙ্গা বাধাতে আসে আমি আপনাদের কাছে অনুরোধ জানিয়ে যাব, যারা দাঙ্গা বাধাতে আসবে তাদের সেই জায়গা থেকে যেন কেউ ফিরে না যেতে পারে সেই ব্যবস্থা করবেন।’ আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস রাজ্যে পুনরায় ক্ষমতায় আসবে বলেও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এমপি মন্তব্য করেন।#

  পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৯    

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।