পশ্চিমবঙ্গে নির্বাচন: বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা নিয়ে মতবিরোধ
https://parstoday.ir/bn/news/india-i86091-পশ্চিমবঙ্গে_নির্বাচন_বামফ্রন্ট_ও_কংগ্রেসের_মধ্যে_আসন_সমঝোতা_নিয়ে_মতবিরোধ
ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছে। আজ (রোববার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় উভয়পক্ষের মধ্যে বৈঠকে মোট ২৯৪ আসনের মধ্যে কংগ্রেস ১৩০ আসনের দাবি জানালে আপত্তি জানান বামফ্রন্ট নেতারা।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জানুয়ারি ১৭, ২০২১ ১৬:২৭ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে অধীররঞ্জন চৌধুরী ও বিমান বসু
    সংবাদ সম্মেলনে অধীররঞ্জন চৌধুরী ও বিমান বসু

ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছে। আজ (রোববার) পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় উভয়পক্ষের মধ্যে বৈঠকে মোট ২৯৪ আসনের মধ্যে কংগ্রেস ১৩০ আসনের দাবি জানালে আপত্তি জানান বামফ্রন্ট নেতারা।

কংগ্রেসের ১৩০ আসনের তালিকায় মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বেশিরভাগ আসন রয়েছে যা নিয়ে আপত্তি তোলেন বামফ্রন্ট নেতারা। তাদের দাবি, ওই জেলাগুলোতে বামেদেরও ভোট ব্যাঙ্ক রয়েছে। সেজন্য কিছু আসন কংগ্রেসকে ছাড়তে হবে। বাম নেতারা ওই দাবিতে অনড় থাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক পর্যায়ে রাজ্য কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী এমপি উত্তেজিত হয়ে পড়েন। অবশেষে দলের সিনিয়র নেতারা তাঁকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করে পরিস্থিতি সামাল দেন।

এরআগে গত ৭ জানুয়ারি আসন সমঝোতা নিয়ে বামফ্রন্ট ও কংগ্রেস নেতারা বৈঠকে বসলেও তাতে কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী উপস্থিত না থাকায় আসন ভাগাভাগি নিয়ে আলোচনা বেশিদূর এগোয়নি। 

আজ (রোববার) পুনরায় উভয়পক্ষের নেতাদের মধ্যে বৈঠক হয়। কিন্তু দু'পক্ষের মধ্যে মতবিরোধের জেরে আসন ভাগাভাগি নিয়ে কোনও সমাধানসূত্রে পৌঁছানো সম্ভব হয়নি। আগামী ২৫ জানুয়ারি ফের দুই পক্ষ আলোচনায় বসবে। ২৮ জানুয়ারি আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে মনে করা হচ্ছে। বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেস রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপির বিরোধিতায় মাঠে নামবে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।