অসম বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাজিত করতে ৬ দলের মহাজোট করল কংগ্রেস
https://parstoday.ir/bn/news/india-i86190-অসম_বিধানসভা_নির্বাচনে_বিজেপিকে_পরাজিত_করতে_৬_দলের_মহাজোট_করল_কংগ্রেস
ভারতের অসমে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে কংগ্রেস ৬ দলীয় মহাজোটের ঘোষণা দিয়েছে। কংগ্রেসের পাশাপাশি ওই জোটে এআইইউডিএফ, সিপিএম, সিপিআই, সিপিআই(এমএল) এবং আঞ্চলিক গণমোর্চা রয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় রাজ্যে বিজেপি বিরোধী ওই মহাজোটের ঘোষণা করেছে কংগ্রেস নেতৃত্ব।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ২০, ২০২১ ১৬:০৪ Asia/Dhaka
  • অসম প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা
    অসম প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা

ভারতের অসমে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে কংগ্রেস ৬ দলীয় মহাজোটের ঘোষণা দিয়েছে। কংগ্রেসের পাশাপাশি ওই জোটে এআইইউডিএফ, সিপিএম, সিপিআই, সিপিআই(এমএল) এবং আঞ্চলিক গণমোর্চা রয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় রাজ্যে বিজেপি বিরোধী ওই মহাজোটের ঘোষণা করেছে কংগ্রেস নেতৃত্ব।

মহাজোট প্রসঙ্গে অসম প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা বলেছেন, ‘দেশের স্বার্থে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে ক্ষমতার মসনদ থেকে ছুঁড়ে ফেলার লক্ষ্য নিয়ে আমরা একজোট হয়েছি। আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা হাতে হাত ধরে লড়ব বিজেপি শাসনের অবসান ঘটাতে।’

তিনি বলেন, ‘মহাজোট বন্ধনের নির্বাচনি ম্যানিফেস্টো একটাই হবে। রাজ্যবাসীর মতামত গ্রহণ করে কংগ্রেস এমন সিদ্ধান্ত নিয়েছে।’   

এআইইউডিএফ নেতা আমিনুল ইসলাম বলেছেন, ‘২০১৬  সালের বিধানসভা নির্বাচনের মতো এতো ‘গেরুয়া ঢেউ’ এখন আর নেই। এবার সবাই ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে পরাস্ত করা যাবে।’   

এআইইউডিএফ বিধায়ক হাফিজ বশির আহমদ কাশেমি এবং সাধারণ সম্পাদক করিমউদ্দিন বড়ভুঁইয়া মহাজোট গঠনকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। তাঁদের মতে সাম্প্রদায়িক বিজেপি রাজত্বকে শেষ করতে হলে কংগ্রেস-এআইইউডিএফ মিত্রতাসহ মহাজোট ছাড়া বিকল্প নেই।

এ প্রসঙ্গে আজ (বুধবার) নাদয়াতুত তামীর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সাবেক অসমের বিধায়ক মাওলানা আতাউর রহমান মাজারভুঁইয়া রেডিও তেহরানকে বলেন, ‘মহাজোটের ফলে ভোট ভাগাভাগি কমবে। এটা একটা ইতিবাচক দিক। কিন্তু একইসঙ্গে বিজেপির যেসব ভোট বিজেপির কর্মকর্তারা জনগণকে বোঝাতে পারবে কংগ্রেস এবং এআইইউডিএফ দুই শক্তি একত্রিত হয়ে সংখ্যালঘু ভোট একত্রিত করার চেষ্টা করবে। সুতরাং ধর্মীয় সমীকরণের মাধ্যমে যাতে বিজেপি ভোট যাতে বিভাজিত না হয় তার চেষ্টা করবে বিজেপি। নির্বাচনের সময়সূচী বের হওয়ার পরে ওই বিষয়ে কিছুটা অনুমান করা যাবে।’#

পার্সটুডে/এমএএইচ/এমিবএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।