নন্দীগ্রামে বড় ব্যবধানে হারবেন মমতা বন্দ্যোপাধ্যায়: শুভেন্দু অধিকারী
-
সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী
ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে বড় ব্যবধানে পরাজিত হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (মঙ্গলবার) নন্দীগ্রামে দলীয় এক কর্মসূচিতে উপস্থিত হয়ে ওই মন্তব্য করেন।
গত ১৮ জানুয়ারি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর এলাকায় জনসভা করেন তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভামঞ্চ থেকেই তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেন। এরপর থেকে বারবার ওই ইস্যুতে মমতাকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।
নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী আজ বলেন, ৫ বছর অন্তর মাননীয়ার নন্দীগ্রামের কথা মনে পড়ে। দুটো আসনে কেন, একটা জায়গায় দাঁড়ান তৃণমূলনেত্রী। ১৪টি এলাকায় ভো কাট্টা করে দেবো, আমরা প্রস্তুত রয়েছি। উনি তিনটি এলাকায় ভোট পাবেন।
তিনি বলেন, আমি এখানকার মাটিটা চিনি। পদ্মফুল (বিজেপির প্রতীক) যার, জিতবে সে। এখানে আমাদের শিকড় অনেক গভীরে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, এদেরকে ঝেঁটিয়ে বিদেয় করুন, আমি কাজ শুরু করেছি। ভোটের দিন ঘোষণার পরে বীজ পুঁতব, ফল ঘোষণার দিন ফসল তুলব!
শুভেন্দু অধিকারীর মতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ভোটের ভরসায় নন্দীগ্রামে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার দাবি, তিনি ঘরের ছেলে, সেজন্য আলাদা করে বিশেষ প্রচার চালাতে হবে না। তিনি ঘরের ছেলে, সবাই তাঁকে সেই পরিচয়েই চেনেন। তিনি আগেই মমতা বন্দোপাধ্যায়কে ৫০ হাজার ভোটে পরাজিত করার চ্যালেঞ্জ জানিয়েছেন।
আজ শুভেন্দু অধিকারী এমন দাবি করলেও এরআগে তৃণমূল নেতা আবু তাহের বলেছেন, শুভেন্দু অধিকারী বা তার দলের প্রাথী নন্দীগ্রাম আসনে ৫০ হাজার ভোটে পরাজিত হবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কমপক্ষে ৫০ হাজার ভোটে জয়ী হবেন বলেও তিনি মন্তব্য করেন। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।