কেন্দ্রীয় সরকার কৃষকদের বিরুদ্ধে জুলুম করছে: প্রিয়াঙ্কা গান্ধী
-
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী কৃষি আইন ইস্যুতে কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করে বলেছেন, যারা আন্দোলন করছে এই সরকার তাদের সন্ত্রাসী হিসেবে অভিহিত করছে। তিনি আজ (বৃহস্পতিবার) উত্তর প্রদেশের রামপুরে ওই মন্তব্য করেন।
কেন্দ্রীয় কৃষি আইন সম্পর্ প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘বর্তমান সময়ে কৃষকদের উপরে সর্বাধিক জুলুমের ঘটনা ঘটছে। সরকার কৃষি আইন প্রত্যাহার করতে চায় না। কিন্তু সরকার বুঝতে পারছে না যে ওই আন্দোলনে কৃষকদের কতটা ক্ষতি হচ্ছে।
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘বর্তমান সময়ে শহীদদের সন্ত্রাসী বলা হচ্ছে এবং কৃষক আন্দোলনকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছে। সরকার কৃষকদের বিরুদ্ধে ব্যাপক জুলুম করছে। আমরা আশা করেছিলাম যে এই সরকারের দরজা কৃষকদের জন্য উন্মুক্ত হবে এবং তারা শুনবেন। কিন্তু এসব কিছুই হয়নি। কোনও নেতা যদি গরীবের কণ্ঠ শুনতে না পারেন তবে তিনি আমাদের নেতা নন।’
কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবি পুনরাবৃত্তি করে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘কৃষকদের আন্দোলন একটি সাচ্চা আন্দোলন। এটি দেশের সকল কৃষকের আন্দোলন। এই আন্দোলন দেশবাসীর, দেশের সকল মানুষের। এই আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়।
গত ২৬ জানুয়ারি দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল অভিযান চলাকালীন পুলিস ও অন্দোলকারীদের মধ্যে সংঘর্ষের সময়ে নবনীত সিং নামে এক কৃষক ট্রাক্টর উল্টে মারা যান। আজ সেই কৃষক পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের প্রতি গভীর সমবেদনা জানান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
কেন্দ্রীয় সরকারের তৈরি করা তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজধানী দিল্লী সংলগ্ন বিভিন্ন রাজ্যের সীমান্তে আন্দোলনরত কৃষকরা দু’মাসেরও বেশি সময় ধরে ধর্না-অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করছেন। কেন্দ্রীয় সরকার ও কৃষক নেতাদের মধ্যে বেশ কয়েক দফায় আলোচনা হলেও সমস্যার সমাধান হয়নি।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।