তৃণমূল নেতা অভিষেকের স্ত্রীকে সিবিআই'র জিজ্ঞাসাবাদ, বিজেপি-তৃণমূল পাল্টাপাল্টি মন্তব্য
https://parstoday.ir/bn/news/india-i87814-তৃণমূল_নেতা_অভিষেকের_স্ত্রীকে_সিবিআই'র_জিজ্ঞাসাবাদ_বিজেপি_তৃণমূল_পাল্টাপাল্টি_মন্তব্য
সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি’র স্ত্রী রুজিরাকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন। আজ (মঙ্গলবার) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসায় যান সিবিআইয়ের ৮ সদস্য সমন্বিত একটি দল।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০২১ ১৬:০৯ Asia/Dhaka
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়
    অভিষেক বন্দ্যোপাধ্যায়

সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি’র স্ত্রী রুজিরাকে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেছেন। আজ (মঙ্গলবার) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসায় যান সিবিআইয়ের ৮ সদস্য সমন্বিত একটি দল।

আজ সিবিআই কর্মকর্তাদের প্রবেশের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের জন্য তাঁর ভাতিজা অভিষেকের বাসায় যাওয়ায় বিজেপি ওই ঘটনার সমালোচনা ও কটাক্ষ করেছেন। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে বলা হয়, রাজ্য সচিবালয় ‘নবান্ন’তে যাওয়ার পথে মমতা সেখানে গিয়েছিলেন পরিবারের ‘অভিভাবক’ হিসেবে। ‘মুখ্যমন্ত্রী’ বা ‘তৃণমূল নেত্রী’ হিসেবে নয়।

কয়লা দুর্নীতির অভিযোগ ইস্যুতে ব্যাংক একাউন্ট থেকে লেনদেন ইত্যাদি  বিষয়ে রুজিরাকে কেন্দ্রীয় তদন্ত সংস্থার কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। তৃণমূলের পক্ষ থেকে আগেই ওই তদন্তকে কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসার রাজনীতি বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে, আজ তৃণমূলে নেতা অভিষেকের বাসায় যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এমপি। তিনি আজ বলেন, ‘উনি হয় সিবিআইকে ধমকানোর জন্য, অথবা তদন্তকে প্রভাবিত করার জন্য, ডিস্টার্ব করার জন্য, না হলে কিছু লুকোবার ব্যাপার আছে, সেটাকে লুকোবার জন্য তিনি গেছেন। যেখানে গণ্ডগোল, যেখানে ভ্রষ্টাচার সেখানে ‘দিদিমণি’ পৌঁছে যান তাঁকে আড়াল করার জন্য। আরও অনেকে চিঠি (সিবিআই নোটিশ) পাবেন। কারণ অনেক জায়গায় রেইড হয়েছে, অনেক তথ্য এসেছে হাতে।’ ‘বাংলার সাধারণ মানুষ চাচ্ছে এই যে রাষ্ট্রীয় সম্পত্তি চুরি হচ্ছে, নষ্ট হচ্ছে সেটা সবার সামনে আসুক এবং দোষীরা সাজা পাক’ বলেও বিজেপি সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেন।

এ নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ আজ বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্বচ্ছতা ও সাহসিকতার সঙ্গে গোটা পরিস্থিতির সামনে রয়েছেন। তিনি নিজেই টুইট করে নোটিশটা পর্যন্ত দিয়ে দিয়েছেন।’  

কুণাল ঘোষ বলেন, ‘যাদের নামে একাধিক অভিযোগ রয়েছে তারা তো দল বদল করে বিজেপিতে গিয়েছেন। শুভেন্দু অধিকারী, মুকুল রায়, শোভন চট্টোপাধ্যাকে তো বিজেপিতে ওরা নিয়ে নিয়েছেন। বিজেপির চাপে যারা মাথানত করছে না, তাদের ক্ষেত্রে যত তৎপরতা।’

কুণাল ঘোষ আরও বলেন, ‘যদি আজকে অভিষেক বা রুজিরার কাছে সিবিআই যেতে পারে, তাহলে কেন মুকুল রায়, শোভন চ্যাটার্জি, শুভেন্দু অধিকারীরা বাইরে বসে আছে?’ অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক বলেও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মন্তব্য করেন।

পার্সটুডে/এমএএইচ/এআর/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।