ভারতে পশ্চিমবঙ্গসহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হবে ২৭ মার্চ, ক্ষুব্ধ মমতা
https://parstoday.ir/bn/news/india-i87954-ভারতে_পশ্চিমবঙ্গসহ_৫_রাজ্যে_বিধানসভা_নির্বাচন_শুরু_হবে_২৭_মার্চ_ক্ষুব্ধ_মমতা
ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গসহ ৪ রাজ্য ও একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের জন্য বিধানসভা নির্বাচনের সময়সূচী ঘোষণা করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২১ ১৬:০৫ Asia/Dhaka
  • ভারতে পশ্চিমবঙ্গসহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হবে ২৭ মার্চ, ক্ষুব্ধ মমতা

ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গসহ ৪ রাজ্য ও একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের জন্য বিধানসভা নির্বাচনের সময়সূচী ঘোষণা করেছে।

আজ (শুক্রবার) বিকেলে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালা ও কেন্দ্রীয় সরকারশাসিত পদুচেরিতে বিধানসভা নির্বাচনের সময়সূচী ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা।

পশ্চিমবঙ্গে ৮ দফায় নির্বাচনের ঘোষণা দেওয়ায় আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বিহারে ২৪০ টি আসনের জন্য ৩ দফায় নির্বাচন, অসমে ৩ দফায় নির্বাচন, তামিলনাড়ুতে ১ দফায়, কেরালায় ১ দফায় নির্বাচন হবে। কিন্তু বাংলায় ২৯৪ আসনের জন্য ৮ দফায় নির্বাচন কেন? বিজেপি’র নাম না করে তিনি বলেন,  ‘কাকে সুবিধা করে দেওয়ার জন্য করা হয়েছে?’    

নির্বাচন কমিশন সূত্রে প্রকাশ, ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বাংলায় ৮ দফায় ভোটগ্রহণ হবে। ফল ঘোষণা হবে ২ মে। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ২৭ মার্চ (৩০ আসন), দ্বিতীয় দফায় ১ এপ্রিল (৩০ আসন), তৃতীয় দফায় ৬ এপ্রিল (৩১ আসন), চতুর্থ দফায় ১০ এপ্রিল (৪৪ আসন), পঞ্চম দফায় ১৭ এপ্রিল (৪৫ আসন), ষষ্ঠ দফায় ২২ এপ্রিল (৪৩ আসন), সপ্তম দফায় ২৬ এপ্রিল (৩৬ আসন) এবং অষ্টম দফায় ২৯ এপ্রিলে (৩৫ আসন) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা বলেন, পশ্চিমবঙ্গে ২৯৪ আসনে, অসমে ১২৬ আসনে, কেরালায় ১৪০ আসনে,  তামিলনাড়ুতে ২৩৪ আসনে এবং পুদুচেরিতে ৩০ আসনে নির্বাচন হবে। সবমিলিয়ে মোট ৮২৪ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্পর্শকাতর নির্বাচন কেন্দ্রগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে।বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলে একসঙ্গে ৫ জনের বেশি মানুষ একত্রিত  হওয়া যাবে না। সতর্কতা মেনে সর্বাধিক ৫টি গাড়ি নিয়ে পথসভা করা যাবে। অনলাইনে মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে। সশরীরে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর সঙ্গে ২ জন যেতে পারবেন বলেও মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।