গ্যাস, পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে কেন প্রধানমন্ত্রী জবাব দিন : মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে বলেছেন, ‘আপনি বাংলায় আজকে নির্বাচনী প্রচার করতে এসেছেন, প্রচার করার আগে জবাব দিন কেন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৯০০ টাকার মতো হয়েছে? এই জবাব আপনাকে দিতে হবে।’ তিনি আজ (রোববার) শিলিগুড়িতে গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল শেষ এক সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
মমতা প্রধানমন্ত্রীকে টার্গেট করে বলেন, ‘আগে বলুন, ডিজেলের দাম কেন বেড়েছে? জবাব দিন। পেট্রোলের দাম কেন বেড়েছে জবাব দিন। গ্যাসের দাম দৈনিক কেন বাড়ছে জবাব দিন। বাংলার সরকার বিনা পয়সায় চাল দেয় কিন্তু ৯০০ টাকার গ্যাস কিনে তা ফোটাতে (রান্না) হয়। নরেন্দ্র মোদি আপনার দাম কত টাকা? বড় বড় ভাষণ দেন, এসে কেবল বলেন, বাংলায় পরিবর্তন হবে। আরে বাংলায় পরিবর্তন হবে না। বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে। পরিবর্তন দিল্লিতে (কেন্দ্রীয় সরকার) হবে। আপনাকে চলে যেতে হবে।’ আগামীতে পাঁচটা রাজ্যে নির্বাচন আছে সবকটাতেই বিজেপি হার বে বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ করে ‘তোলাবাজি’ ও ‘সিন্ডিকেট’-এর অভিযোগ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লজ্জা-ঘৃণা-ভয়’ তিন থাকতে নয়। সেজন্য বাংলায় এসে এসে বার বার তোলাবাজির কথা বলেন। সব থেকে বড় তোলাবাজ তো আপনি! রেল বিক্রি করলে কত তোলাবাজি হয়? ‘সেইল’ বিক্রি করলে কত তোলাবাজি হয়? এয়ার ইন্ডিয়া বিক্রি করলে কত তোলাবাজি হয়? কোল ইন্ডিয়া বিক্রি করলে কত তোলাবাজি হয়?’ ভারতবাসী জানে নরেন্দ্র মোদি ও অমিত শাহ ছাড়া কোনও ‘সিন্ডিকেট’ নেই বলেও মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীকে টার্গেট করেন।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।