বাংলায় আমরা জিতলে সারা ভারতবর্ষ প্রাণ ফিরে পাবে : মমতা বন্দ্যোপাধ্যায়
-
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলায় আমরা জিতলে সারা ভারতবর্ষ প্রাণ ফিরে পাবে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শনিবার) পাশকুড়ায় দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
মমতা বলেন, ‘আজকে মনে রাখবেন মুম্বাই আপনাদের দিকে তাকিয়ে আছে, উত্তর প্রদেশ আপনাদের দিকে তাকিয়ে আছে। রাজস্থান আপনাদের দিকে তাকিয়ে আছে, সারা ভারতবর্ষ তাকিয়ে আছে, কেন জানেন? কারণ বাংলায় আমরা (তৃণমূল) জিতলে সারা ভারতবর্ষ প্রাণ ফিরে পাবে, আর নরেন্দ্র মোদিকে হটাবে, সেই আন্দোলন শুরু হবে।’
হিন্দুত্ববাদী বিজেপির তীব্র সমালোচনা করে বিজেপির নেতারা ডাকাতের মধ্যমণি বলে মন্তব্য করে মমতা বলেন, ‘বিজেপি বলছে তৃণমূল কংগ্রেস নাকি লোকেদের থেকে টাকা নেয়। তাই? একটা গরীব লোক যদি কারও কাছ থেকে পাঁচশো টাকা নেয় তুমি তাঁকে বলবে ‘চোর’। আর তুমি সবচেয়ে বড় ডাকাত। ডাকাতের মধ্যমণি সব বিজেপির নেতারা লাখ লাখ টাকা চুরি করছে। জিজ্ঞেস করুন পিএম কেয়ার ফাণ্ডের টাকা গেল কোথায়? কোভিডের নামে এল টাকা নরেন্দ্র মোদি করল ফাঁকা!’
মমতা বলেন, ‘এটা বাংলার নির্বাচন। আর বাংলার নির্বাচন মানে বলতে পারেন এটা আমাদের নির্বাচন। আপনারা যদি আমার সরকার চান তাহলে প্রার্থী যে হোক একটা করে ভোট তৃণমূল কংগ্রেসের জোড়াফুলকে দেবেন। তাহলেই কিন্তু আমি আগামীদিনে সরকার গঠন করতে পারব। তা না হলে বহিরাগত গুণ্ডারা এসে বাংলাকে দখল করবে।’
তিনি বলেন, ‘এই বিজেপি অটল বিহারী বাজপেয়ীর বিজেপি নয়। এই বিজেপি হল গুণ্ডাদের বিজেপি, দাঙ্গাকারীদের বিজেপি, অত্যাচারীদের বিজেপি, স্বৈরাচারীদের বিজেপি, দানবের বিজেপি, রাবণের বিজেপি, দুরাচারের বিজেপি, দুঃশাসনের বিজেপি, সন্ত্রাসের নায়ক।’
মমতা আজ, ‘এই বিজেপিকে একটি ভোটও নয়। তাই বিজেপিকে চাই না, নরেন্দ্র মোদি চাই না, গুণ্ডাদের চাই না, বহিরাগত চাই না, দৈত্যদের চাই না, দাঙ্গাবাজদের চাই না, বিভেদকারীদের চাই না’ ইত্যাদি মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।