বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দেয়, নির্বাচন হয়ে গেলে পালিয়ে যায়: মমতা
https://parstoday.ir/bn/news/india-i88998-বিজেপি_মিথ্যে_প্রতিশ্রুতি_দেয়_নির্বাচন_হয়ে_গেলে_পালিয়ে_যায়_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দেয়, নির্বাচন হয়ে গেলে পালিয়ে যায়, আর মিথ্যের ডুগডুগি বাজায়। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (সোমবার) বাঁকুড়ার কোতুলপুরে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২২, ২০২১ ১২:৫৮ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দেয়, নির্বাচন হয়ে গেলে পালিয়ে যায়, আর মিথ্যের ডুগডুগি বাজায়। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (সোমবার) বাঁকুড়ার কোতুলপুরে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ‘মা-বোনেরা আমার এই নির্বাচনটা হল বাংলার নির্বাচন। এটা দিল্লির নির্বাচন নয়। যারা আগে বিজেপিকে ভোট দিয়েছেন তাদের কাছেও বলব বিজেপি বলেছিল ১৫ লাখ টাকা করে আপনাদের ব্যাংক একাউন্টে দিয়ে দেবে। দিয়েছে? দেয়নি। তাহলে বিজেপিকে ভোট দেবেন কেনো? ওরা নির্বাচনের আগে মিথ্যে কথা বলে। বলে চাল দেবো, ডাল দেবো, চাকরি দেবো, সব দেবো। আর নির্বাচন হয়ে গেলে পালিয়ে যায়, আর মিথ্যের ডুগডুগি বাজায়। সেজন্য বিজেপিকে আমরা কেউ চাই না।’  

মমতা বলেন, ‘বাংলায় মনে রাখবেন ‘বহিরাগত গুণ্ডা’দের পাঠিয়েছে। এই জঙ্গলমহল আগে কী ছিল? মাওবাদীদের অত্যাচারে, সিপিএমের অত্যাচারে প্রতিদিন রক্ত ঝরত, প্রতিদিন খুন হতো। বছরে তিনশো করে মানুষ খুন হতো। আজকে সেখানে কোনও অশান্তি নেই, সবাই শান্তিতে আছে।’   

মমতা উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘আগামীদিনে বিনাপয়সায় রেশন পেতে হলে তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দেবেন, জোড়াফুল, ঘাসফুলকে ভোট দেবেন। জোড়া ফুলকে ভোট দিলে আমরা বিনাপয়সার রেশন আপনাদের দুয়ারে দুয়ারে আমরা পৌঁছে দেবো।’  

মমতা কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেন, ‘আগে গ্যাসের দাম ৪০০ টাকা ছিল কিন্তু কেন্দ্রীয় সরকার এখন ৯০০ টাকা করেছে। আমি এখানে এনপিআর (জাতীয় জনসংখ্যা নিবন্ধন) করতে দেবো না। আমি মরে গেলেও একটা লোকের নামও ভোটার তালিকা থেকে বাদ দেবো না’ বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। #

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।