বাংলার মাটি থেকে বহিরাগতদের বিতাড়িত করা হবে: অভিষেক বন্দ্যোপাধ্যায়
-
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে দলীয় সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, কেশপুর হবে বিজেপির শেষপুর। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (মঙ্গলবার) পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই কেশপুর সিপিএমের শেষপুর হয়েছিল। আর এই কেশপুর বিজেপির শেষপুর হবে। আগামীদিন বহিরাগতদের বিতাড়িত করতে হবে বাংলার মাটি থেকে। আপনারা চান- মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির কাছে বশ্যতা স্বীকার করুক? আপনারা কী চান মধ্য প্রদেশ, গুজরাটের বিজেপি নেতাদের কাছে বাংলার মেয়ে (মমতা) আত্মসমর্পণ করুক?’ বিজেপির ভিন রাজ্যের যেসব নেতা বাংলায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন তাদেরকে ‘বহিরাগত’ বলে উল্লেখ করে থাকে তৃণমূল।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই লড়াই কেবলমাত্র মমতা বন্দোপাধ্যায়কে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী করে নবান্নে প্রতিষ্ঠা করার লড়াই নয়। তৃতীয়বার মা-মাটি-মানুষ সরকার প্রতিষ্ঠা করার লড়াই নয়। যারা বাংলা দখল করতে চাচ্ছে সেই বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করার লড়াই। ওরা ভাবছে ধমকে, চমকে আমাদের আটকে রাখবে।’
রাজ্যের সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় তাকে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘একশোটা লোকের মধ্যে একটা গাদ্দার হয়, একটা মীরজাফর হয়, একটা বিশ্বাসঘাতক হয়। মেদিনীপুরের মানুষ কোনোদিন বিশ্বাসঘাতকদের সমর্থন করবে না। কোনোদিন মীরজাফরদের সমর্থ করবে না, কোনোদিন গাদ্দারদের সমর্থন করবে না। যারা বুক চিতিয়ে লড়াই করছে কেশপুরের মানুষ তাদের সাথে ছিল, আছে ও থাকবে।’
‘আগামীদিনে জীবন গেলে যাবে, প্রাণ গেলে যাবে কিন্তু আমরা দিল্লির বুকে বাংলার মাথানত করতে দেবো না’ বলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।