প্রধানমন্ত্রীর মতো এতবড় মিথ্যেবাদী আমি কোথাও দেখিনি : মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i89082-প্রধানমন্ত্রীর_মতো_এতবড়_মিথ্যেবাদী_আমি_কোথাও_দেখিনি_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নরেন্দ্র মোদির মতো এত মিথ্যেবাদী প্রধানমন্ত্রী জীবনে দেখিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৪, ২০২১ ১৩:৩৯ Asia/Dhaka
  • ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নরেন্দ্র মোদির মতো এত মিথ্যেবাদী প্রধানমন্ত্রী জীবনে দেখিনি।

তিনি আজ (বুধবার) বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ৮ দফায় বিধানসভা নির্বাচন হবে। ফল ঘোষণা হবে ২ মে।  

মমতা আজ বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করতাম আগে। এখনও যে করি না তা নয়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো এতবড় মিথ্যেবাদী আমি কোথাও দেখিনি। এতবড় মিথ্যেবাদী! শুধু মিথ্যে কথা বলে।’

বিজেপি সম্পর্কে মমতা বলেন, ‘তপশিলিদের খুন করো তোমরা, তপশিলিদের উপরে অত্যাচার করো তোমরা। আদিবাসীদের অত্যাচার করো তোমরা। সংখ্যালঘুদের উপরে অত্যাচার করো তোমরা। জেনারেল কাস্ট ও কৃষকদের উপরেও তোমরা অত্যাচার করো।’

মমতা বিজেপির বিরুদ্ধে সিণ্ডিকেট চালানোর অভিযোগ করে বলেন, ‘নরেন্দ্র মোদির ৩ টি সিণ্ডিকেট। একটা অমিত শাহ (স্বরাষ্ট্র মন্ত্রী), একটা নরেন্দ্র মোদি, আরেকটা আদানী (শিল্পপতি)। সব চাষের জমি লুঠ করে নিয়ে যাবে। সব ফসল লুঠ করে নিয়ে যাবে আদানী। আলু, পেঁয়াজ সব লুঠ করে নিয়ে যাবে। শুধু নরেন্দ্র মোদি খাবে, অমিত শাহ খাবে, আর ওই আদানী খাবে। আর বাদবাকি বাংলার মানুষ, সারা দেশের মানুষ তাঁরা কেঁদে কেঁদে বেড়াবে।’ 

‘বহিরাগত’ বিতর্ক প্রসঙ্গে মমতা বলেন, ‘যারা বাংলায় থাকে আমরা  তাঁদের বহিরাগত বলি না। তা সে রাজস্থানি হোক, পাঞ্জাবি হোক, গুজরাটি হোক, মারোয়াড়ী হোক, তামিল হোক আমরা তাদের বহিরাগত গুণ্ডা বলি না। বহিরাগত গুণ্ডা কাদের বলি? উত্তর প্রদেশের গুণ্ডাদের সাজিয়ে পাঠিয়ে দিচ্ছে এখানে। কপালে তিলক কেটে, একটা ‘গেরুয়া’ পোশাক পরে, পানবাহার চিবোতে চিবোতে আমাদের বাংলার সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে।’

বিজেপি মিথ্যে কথা বলে ভোট নেয়, সবার একাউন্টে পনের লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি পালন করেনি বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। #

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।