বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না : মমতা
https://parstoday.ir/bn/news/india-i89190-বিধানসভা_নির্বাচনে_সংখ্যালঘু_ভোট_ভাগ_হতে_দেবেন_না_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না বলে আহ্বান জানিয়েছেন। তিনি আজ (শুক্রবার) পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৬, ২০২১ ১৩:৫১ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না বলে আহ্বান জানিয়েছেন। তিনি আজ (শুক্রবার) পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

সংখ্যালঘুদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সংখ্যালঘু ভাইয়েরা ভুলে গেছেন দিল্লির দাঙ্গা? ভুলে গেছেন নরেন্দ্র মোদির গুজরাটের দাঙ্গা? ভুলে গেছেন হোঁদলকুৎকুতের গুজরাটের দাঙ্গা? ভুলে গেছেন উত্তর প্রদেশের দাঙ্গা? ভুলে গেছেন এনআরসি’র দাঙ্গা? ভুলেছেন এনপিআরের দাঙ্গা?’ সংখ্যালঘু ভোট যাতে কোনোভাবেই ভাগ না হয় সেজন্য মমতা সবার উদ্দেশ্যে আহ্বান জানান।  

মমতা সংখ্যালঘুদের সতর্ক করে বলেন, ‘হায়দরাবাদ থেকে এলো গাই, তাতে জুটলো ওই শয়তান ভাই! সুতরাং, তাদের কথায় ভোট দেবেন না। তাহলে কিন্তু এনআরসি-এনপিআর (জাতীয় নাগরিক পঞ্জি-জাতীয়  জনসংখ্যা নিবন্ধন) করে সবাইকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে।’ মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে হায়দরাবাদের এমপি ‘মিম’ প্রধান ব্যারিস্টার  আসাদউদ্দিন ওয়াইসি এবং পশ্চিমবঙ্গের ‘আইএসএফ’ প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকি যিনি ‘ভাইজান’ নামেও পরিচিত তাকে কটাক্ষ করতে চেয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনী ময়দানে মিম এবং আইএসএফ তৎপরতা চালালে তাতে সংখ্যালঘু মুসলিম ভোট ভাগের ফলে  বিজেপির সুবিধা হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন।          

মমতা কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারকে হোঁদলকুৎকুতের সরকার বলে কটাক্ষ করে বলেন, ‘কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আজকে সারা দেশজুড়ে কৃষকরা আন্দোলন চালাচ্ছেন। হরিয়ানার সিঙ্ঘু সীমান্তে বসে আছে এক বছর ধরে। তারা রাস্তায় যাতে বেরোতে না পারে, সেজন্য পেরেক পুঁতে দেওয়া হয়েছে! জেসাস ক্রাইস্টকে কীভাবে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল আমরা সেই গল্প সবাই জানি। আজকে চাষিরা যাতে না বেরোতে পারে সেজন্য পেরেক পুঁতে দেওয়া হয়েছে। এরকম নির্যাতন করছে নরেন্দ্র মোদি সরকার, হোঁদলকুৎকুতের সরকার।’  

মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে বিজেপি’র তৎপরতা সম্পর্কে বলেন, ‘আমি আগেই বলেছি ওরা বহিরাগত গুণ্ডাদের নিয়ে এসে নির্বাচন করছে। গতকাল তা প্রমাণ হয়ে গেছে। আমার কাছে সকালে খবর এলো, কাঁথি-১ ও কাঁথি-২য়ে ৩০ জন উত্তর প্রদেশের গুণ্ডা হাতেনাতে বন্দুক নিয়ে ধরা পড়েছে রাত ১১ টার সময়ে। কাঁথি বাসস্ট্যান্ড থেকে তারা ধরা পড়েছে। বাইরের গুণ্ডা আসছে তা প্রমাণ করে দিলাম। বাইরের গুণ্ডাদের নিয়ে এসে ঢুকিয়ে দিয়েছে, কন্টাইতে ঢুকিয়েছে, নন্দিগ্রামে ঢুকিয়েছে। বহিরাগত গুণ্ডাদের একটাকেও ঢুকতে দেবেন না। গুণ্ডা নিয়ে যদি গুণ্ডামি করার চেষ্টা করে, আপনাদের তাড়া করে, মায়েরা হাতা খুন্তি যা পাবে, ঝাড়ু নিয়ে তাড়া করবেন’ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। #

পার্সটুডে/এমএএইচ/ মো.আবুসাঈদ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।