এক পায়ের শট দিয়েই বিজেপিকে রাজনৈতিকভাবে মাঠের বাইরে বের করে দেবো: মমতা
-
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমি চার ঘণ্টা দিনে হাঁটি। অত সস্তা নয়। পেরে ওঠা মুশকিল। দেখলেন তো পা বাদ দিয়ে হাতের জোর শুধু দেখালাম।’
মমতা সম্প্রতি নির্বাচনী প্রচারে গিয়ে এক পায়ে আঘাত পাওয়ায় সেই পায়ে প্লাস্টার করা রয়েছে। ওই অবস্থাতেই তিনি বিভিন্ন জনসভায় হুইল চেয়ারে বসে বক্তব্য দিচ্ছেন। মমতার বহুল প্রচলিত স্লোগান ‘খেলা হবে’ স্লোগানকে সামনে রেখে আজ তিনি সভামঞ্চ থেকে একটি ফুটবল ছুঁড়ে দেন এবং এক মহিলা সেটি ধরেন। এভাবেই তিনি নির্বাচনে বিজেপিকে বোল্ড আউট করবেন বলে জানিয়ে দেন।
মমতা উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘কী খেলা হবে? জেতা হবে? সংখ্যালঘু ভাই-বোনেরা?’ মমতা হায়দরাবাদের ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর প্রতিষ্ঠাতা ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী’র (ভাইজান) নাম না করে তাদের তীব্র কটাক্ষ করেন। মমতা বলেন, ‘হায়দরাবাদ থেকে এক বদমায়েশ লোক আসছে, টাকা নিয়ে বিজেপির দালালি করছে। হায়দরাবাদ থেকে এলো গাই, সাথে এল এখানকার আরেকটা দালাল ভাই। ওরা আপনাদের কাছে সংখ্যালঘু ভোট কাটবার চেষ্টা করবে। তাহলে বিজেপি তাদের ভোট পাবে, সংখ্যালঘু ভোট যদি ভাগ হয়ে যায়, তপশিলি ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে আমি কোথায় যাব! আমি তো আপনাদের সবার জন্য কাজ করি।’
মমতা আজ সব ধর্মের মানুষদের জন্য প্রার্থনা করার সময়ে মুসলিমদের উদ্দেশ্যে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ পাঠ করেন।
মমতা আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের তীব্র সমালোচনা ও কটাক্ষ করে মমতাকে হারানো যাবে না এবং তিনি লড়াই করে বাঁচতে চান বলে মন্তব্য করেন। #
পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার /২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।