বাংলায় পরিবর্তনের জন্য মানুষ প্রস্তুত: নরেন্দ্র মোদি
-
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘বাংলায় পরিবর্তনের জন্য প্রস্তুত বাংলার মানুষ। আসল পরিবর্তন চাচ্ছে বাংলার মানুষ।’ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (শনিবার) তারকেশ্বরে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আজ সোনারপুরেও এক সমাবেশে বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেন, ‘দিদি বাংলার যুব সমাজের সঙ্গে আপনাকে অন্যায় করতে দেবো না। দিদির মাথা খারাপ হয়ে গেছে। তার প্রমাণই হল তার দশ বছরের রিপোর্ট কার্ড। দিদি বলছেন বিজেপির সমস্ত জনসভায় যে ভিড় হচ্ছে, তা পয়সা দিয়ে করা হচ্ছে। আমি আপনাদের জিজ্ঞেস করছি, এই ভরদুপুরে কাঠফাটা রোদে আপনারা যে এসেছেন, সেজন্য কী আপনাদের পয়সা দেওয়া হয়েছে? বাংলার মানুষ পয়সার জন্য বিজেপির জনসভায় যায়, এই কথা বলে আপনি বিজেপিকে নয়, বাংলার জনতাকে অপমান করেছেন।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, ‘দিদি নির্বাচন খেলা নয়। গণতন্ত্র খেলা নয়। গণতন্ত্র হলো মানুষের সেবার পথ। গণতন্ত্র হলো মানুষের উন্নতির পথ। আপনি এগুলো সব ভুলে গেছেন। সেজন্যই বাংলার মানুষের সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন।
২ মে নির্বাচনের ফল প্রকাশের দিন কী হতে চলেছে, তার নিদর্শন আমরা দু'দিন আগে নন্দীগ্রামে দেখেছি। আমি জানি প্রত্যেক দফার নির্বাচনের সঙ্গে সঙ্গে দিদির অস্থিরতা বাড়তে থাকবে বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।