দিল্লির গুণ্ডাদের হাতে বাংলা যাবে না: মমতার দৃঢ় মন্তব্য
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের নাম না করে বলেছেন, দিল্লির গুণ্ডাদের হাতে বাংলা যাবে না। রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বৃহস্পতিবার) দক্ষিণ দিনাজপুর জেলার তপনে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।
মমতা বলেন, ‘এখন একটাই কাজ বিজেপি হঠাও, বাংলা বাঁচাও। বাংলা যেন বাংলাই থাকে এটা দেখবেন। বাংলা যেন গুজরাট দখল করতে না পারে। দিল্লির হাতে বাংলা যাবে না। দিল্লির হাতে বাংলা আমরা ছেড়ে দেবো না। দিল্লির দুই গুণ্ডার হাতে বাংলা যাবে না, বাংলা যাবে না, বাংলা যাবে না। আমরা সবার জন্য বাংলাতে থেকেই কাজ করব। রবীন্দ্র-নজরুলের বাংলা নতুন করে পথ দেখাক সবাইকে।’
মমতা উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘মনে রাখবেন, তৃণমূলের সাথে বিজেপি’র খেলা হবে। এই খেলায় তৃণমূল জিতবে। আর বিজেপিকে হারিয়ে মাঠের বাইরে বের করে দিন। আপনারা সবাই ওদের ভোট দিয়েছিলেন আগেরবার। কিন্তু ভোট দেওয়ার পরে দেখা গেল একটা কাজও ওরা বালুরঘাটের জন্য করে নি-তপনের জন্য করে নি, হরিরামপুরে করে নি, উত্তরবঙ্গে করে নি, দক্ষিণবঙ্গেও করে নি। কেন ওদের ভোট দেবেন? ওদের ভোট দেবেন না। ওদের ভোট দেওয়া মানে দাঙ্গা বাড়ানো, ওদের ভোট দেওয়া মানে বোমাবাজি করা। ওদের ভোট দেওয়া মানে, এক হাতে বিজেপির ঝাণ্ডা, অন্য হাতে মোটা মোটা ডাণ্ডা, তৈরি হয়েছে কিছু বিজেপির গুণ্ডা। আর মানুষ প্রতিবাদ করলেই গুলি চালিয়ে মেরে করে দেয় ঠাণ্ডা! ‘লজ্জা-ঘৃণা-ভয়, তিন থাকতে নয়। সেজন্য বিজেপিকে চাই না।’
‘আমরা এনপিআর (জাতীয় জনসংখ্যা নিবন্ধন) করতে দেবো না, এনআরসি (জাতীয় নাগরিক পঞ্জি) করতে দেবো না। আমরা কোনও মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে দেবো না’ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#
পার্সটুডে/এমএএইচ/এনএম/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।