পশ্চিমবঙ্গে পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i91086-পশ্চিমবঙ্গে_পুনরায়_মুখ্যমন্ত্রী_হিসেবে_শপথ_নেবেন_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গে পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৩, ২০২১ ১৫:০৮ Asia/Dhaka
  • তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতের পশ্চিমবঙ্গে পুনরায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী (বুধবার) তিনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। আজ (সোমবার) দলীয় নবনির্বাচিত বিধায়করা তাঁকে পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত করেছেন বলে দলটির মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন।  

পার্থ চট্টোপাধ্যায় আজ বলেন, ‘তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুইলচেয়ারে বসেই বাংলার মানুষকে রক্ষা করার সংগ্রাম মমতার। ৫ তারিখ শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ তারিখ থেকে তৃণমূলের নির্বাচিত বিধায়করা শপথ নেবেন। বিধায়কদের শপথগ্রহণ করাবেন বিমান বন্দ্যোপাধ্যায়। পরে বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে বিধানসভার অধ্যক্ষের ভার দেওয়া হবে। মমতার কাছে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণই প্রধান কাজ। কোভিড পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।’ 

পশ্চিমবঙ্গে ২৯২ আসনের মধ্যে ২১৩ আসনে জয়ী হয়েছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, হিন্দুত্ববাদী বিজেপি পেয়েছে ৭৭ টি আসন। অন্যরা ২ টি আসনে জয়ী হয়েছে। এছাড়া ২ টি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট হয়নি। 

রাজ্যে বিপুলভাবে তৃণমূল প্রার্থীরা জয়ী হলেও খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আসনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন। মমতা জয়ী হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর ছড়ালেও পরবর্তীতে জানা যায় মমতা পরাজিত হয়েছেন। মমতা অবশ্য ওই কেন্দ্রে পুনর্গণনার দাবি জানিয়েছেন।   

ওই প্রসঙ্গে আজ কালীঘাটে এক সংবাদ সম্মেলনে মমতার অভিযোগ,  রিটার্নিং অফিসারকে হুমকি দেওযা হয়েছে। পুনর্গণনা হবে না কেন? ভয় পাওয়ার কি আছে? রিকাউন্টিং দেবে না কেন ? আমি এ নিয়ে আদালতে যাব। সার্ভার ডাউন করা হয়েছিল, ইভিএম মেশিন বন্ধ করে দেওযা হয়েছিল। সবাই দেখেছে নন্দীগ্রামে কেমন ভোট হয়েছে বলেও মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন। #

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/০৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।