পশ্চিমবঙ্গের রাজ্যপাল মিথ্যা ও অসত্যের উপরে দাঁড়িয়ে আছেন: জ্যোতিপ্রিয় মল্লিক 
https://parstoday.ir/bn/news/india-i93408-পশ্চিমবঙ্গের_রাজ্যপাল_মিথ্যা_ও_অসত্যের_উপরে_দাঁড়িয়ে_আছেন_জ্যোতিপ্রিয়_মল্লিক
ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল মিথ্যা ও অসত্যের উপরে দাঁড়িয়ে আছেন বলে মন্তব্য করেছেন রাজ্যের বনমন্ত্রী ও উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি আজ (শনিবার) হাবড়ায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৯, ২০২১ ১৪:০৮ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যপাল মিথ্যা ও অসত্যের উপরে দাঁড়িয়ে আছেন বলে মন্তব্য করেছেন রাজ্যের বনমন্ত্রী ও উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি আজ (শনিবার) হাবড়ায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন। 

রাজ্যে নির্বাচন পরবর্তী সময়ে সহিংসতা প্রসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড় অনেকবার সোচ্চার হয়েছেন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। রাজ্যের চলমান পরিস্থিতি সম্পর্কে সম্প্রতি তিনি দিল্লীতে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দিয়েছেন। বৈঠক করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে। এসবের মধ্যে আজ রাজ্যপালের মন্তব্য- ‘স্বাধীনতার পর থেকে নির্বাচন পরবর্তী সহিংসতার এমন নিদর্শন বিরল।'       

রাজ্যপাল এভাবে একের পর এক রাজ্য সরকারের সমালোচনা করায় আজ (শনিবার) রাজ্যের বন ও অপ্রচলিত শক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কটাক্ষ করে বলেন, ‘রাজ্যপাল যদি হোয়াইট হাউসে অভিযোগ করতেন ভালো হতো। বাইডেন্টকে অভিযোগ জানাতেন ভালো হতো। রাজ্যপালের যা লেভেল এখন ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্ব মানচিত্রে চলে যাওয়া উচিত। উনি অভিযোগের আর জায়গা পাচ্ছেন না। রাজ্যপালের এত উদ্যোগ কেন? উনি কী বিজেপির দায়িত্ব পেয়েছেন? এখনও তো সভাপতি করা হয়নি তাঁকে? তাহলে উনি এত দায়িত্ব নিচ্ছেন কেন?’    

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘নির্বাচন পরবর্তীকালে এখনও পর্যন্ত কোনও সহিংস ঘটনা ঘটেনি। নির্বাচনের ফল ঘোষণার আগে যত সহিংস ঘটনা ঘটেছে তা বিজেপি করেছে। এসব ঘটনায় তৃণমূল কর্মীরা বেশি মারা গেছেন। আজও বিজেপি মিথ্যা ও অসত্যের উপরে চলছে। একটা রাজনৈতিক দল অসত্যের উপরে চলেছে বলেই সেই রাজনৈতিক দলটি বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে। গোহারা হেরেছে! শুধু মিথ্যার ভিত্তিতে চলছে ওই রাজনৈতিক দলটি। কোথাও কোনও গণ্ডগোল নেই। উত্তর ২৪ পরগানার ৩৩ টি বিধানসভা কেন্দ্রের কোথাও যদি একটাও গণ্ডগোলের খবর দেখাতে পারেন তাহলে আমি জ্যোতিপ্রিয় মল্লিক সবকিছু ছেড়ে বেরিয়ে যাব। ওঁরা গণ্ডগোল সৃষ্টি করছে। রাজ্যপাল মিথ্যা ও অসত্যের উপরে দাঁড়িয়ে আছে। তাঁর অভিযোগ মনে হয় এখানে আর হবে না, তিনি হয় রাষ্ট্রপুঞ্জে করুন আর না হয় মার্কিন প্রেসডেন্ট বাইডেন্টকে করুন।’ 

অন্যদিকে, আজ (শনিবার) রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ রাজ্যপালের ভূমিকার সমালোচনা করে বলেন, ‘রাজ্যপাল বাংলার বিরুদ্ধে কুৎসা করতে নেমেছেন। তিনি সাংবিধানিক পদমর্যাদাকে ধুলোয় লুটিয়ে দিচ্ছেন! তাঁর কারণ হচ্ছে তিনি রাজ্যে নির্বাচনের আগে পরিবর্তনের ডাক দিয়েছিলেন। কোনও রাজ্যপাল পরিবর্তনের ডাক দিতে পারে? এবার মানুষ প্রত্যাখ্যান করেছেন সেজন্য অতৃপ্ত আত্মার মতো  জগদীপ ধনখড় এখন কুৎসা করে বেড়াচ্ছেন, দিল্লিতে দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন।’   

‘রাজ্যপাল প্রচারে ভেসে থাকতে, দিল্লির জেঠুদের কাছে ভালো সাজার জন্য এ ধরণের অপপ্রচারগুলো চালিয়ে যাচ্ছেন’ বলেও তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আজ মন্তব্য করেন। #  

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।