বিজেপি বাংলার বদনাম করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র করছে: মমতা বন্দ্যোপাধ্যায়
-
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি বাংলার বদনাম করার জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার কসবা এলাকায় সম্প্রতি ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পকে কেন্দ্র করে তিনি আজ (বুধবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ফেক ক্যাম্পের বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা। রাজ্য সরকার কোনোভাবেই ওই ঘটনার সঙ্গে জড়িত নয়। অভিযোগ আসার সঙ্গে সঙ্গে যে অ্যাকশন আমরা নিয়েছি, এ ধরণের অ্যাকশন আর কেউ কোনোদিন নিতে সাহস পায়নি। এখানে একটা পরিকল্পনা চলছে, চক্রান্ত করে বিজেপি কিছু এজেন্সিকে দিয়ে লোক সাজিয়ে, নিজেপির লোক তৈরি করে কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় বাংলার বদনাম করা হচ্ছে। যেকোনো একটা ছোটো ঘটনা ঘটলেও একটা কিছু করে যাচ্ছে। সমস্তটা বোঝাপড়ার মাধ্যমে করা হচ্ছে।’
বিজেপিশাসিত উত্তর প্রদেশে করোনায় মানুষজনের মৃত্যু, গঙ্গা নদীতে লাশ ভেসে আসা, ভ্যাকসিন ইত্যাদি ইস্যুতে বিজেপির সমালোচনা করে বলেন, ‘উত্তর প্রদেশে লোক মারা যাচ্ছে। হাথরাস থেকে শুরু করে দিল্লিতে ‘ক্যা’-এর ঘটনায় কত লোক মারা গেছে? আজ পর্যন্ত কিছু হয়েছে? আজ পর্যন্ত কোনও লোক বিচার পেয়েছে? কোনও বিচার হয়নি। আজকে একটা ‘ফেক ক্যাম্প’ (ভ্যাকসিন) হয়েছে বলে তোমরা চালাচ্ছো। কিন্তু সঙ্গে সঙ্গে আমরা তাঁকে ধরে ফেলেছি। তাদের যে ইনজেকশন দেওয়া হয়েছে, সেটা কোভিডের ইনজেকশন নয়। যা দিয়েছে সেটা ভুল করেছে। আমি তো বলেছি উগ্রপন্থীর থেকেও ভয়ঙ্কর যারা প্রতারণা করে। যাদের ওই ইনজেকশন দেওয়া হয়েছে, রাজ্য সরকার তাদের খোঁজখবর নিয়ে তাদের ভ্যাকসিন আমরা দিয়ে দেবো। সুতরাং, মনে রাখবেন আমরা যেভাবে কাজ করি এরকমভাবে কাজ কেউ করে না। গুজরাটে (বিজেপিশাসিত) তো বিজেপি পার্টি অফিস থেকে ভ্যাকসিন বিলি করা হয়েছিল। সেখানে স্বাস্থ্যমন্ত্রীর ক’টা চিঠি গেছে? ক’টা তদন্ত করেছিল? আর যে রাজ্য সবচেয়ে বেশি কাজ করে, সেখানে এসে বড় বড় কথা! শুধু মিথ্যে কথা, জালিয়াতি! আর এসব ঘটনাগুলো বিজেপি সাজিয়ে করেনি তারই বা প্রমাণ কোথায়?’
মমতা বলেন, ‘আজকেও তো গঙ্গায় ডেডবডি এসেছে কোভিডের, মানিকচকে! পরপর ডেডবডি এসেই যাচ্ছে! উত্তর প্রদেশে ভাসিয়ে দিচ্ছে, ভাসতে ভাসতে কুমির, মাছ তা খেয়ে নিচ্ছে। কোথাও অর্ধেক ডেডবডি আসছে, কোথাও ডেডবডি চলে যাচ্ছে গঙ্গা দিয়ে। গেট খুলে তবে আমরা বুঝতে পারি যদি কোনও ডেডবডি আটকে থাকে তাহলে। আমার এখানে আমি সাতটা ডেডবডি পেয়েছি অফিসিয়ালি। আনঅফিসিয়ালি কত যে রাজ্যে গঙ্গা দিয়ে বেরিয়ে গেছে তার কোনও ইয়ত্তা নেই। তাদের মুখে বড় বড় কথা!’
কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারকে প্রয়োজনীয় কোভিড ভ্যাকসিন দিচ্ছে না বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তীব্র ক্ষোভ প্রকাশ করেন। #
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।