কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলল তৃণমূল
https://parstoday.ir/bn/news/india-i94328-কেন্দ্রীয়_মন্ত্রী_জন_বার্লাকে_বিচ্ছিন্নতাবাদী’_বলল_তৃণমূল
ভারতের কেন্দ্রীয় সরকারের নয়া মন্ত্রী জন বার্লাকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে অভিহিত করল পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। আজ (বৃহস্পতিবার) তৃণমূলের সিনিয়র নেতা সৌগত রায় এমপি বলেন, ‘জন বার্লা হলেন ‘বিচ্ছিন্নতাবাদী’। একে মন্ত্রী করে মোদি বিচ্ছিন্নতাবাদীদেরই উৎসাহ দিয়েছেন।’
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৮, ২০২১ ১৪:২২ Asia/Dhaka
  • কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলল তৃণমূল

ভারতের কেন্দ্রীয় সরকারের নয়া মন্ত্রী জন বার্লাকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে অভিহিত করল পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। আজ (বৃহস্পতিবার) তৃণমূলের সিনিয়র নেতা সৌগত রায় এমপি বলেন, ‘জন বার্লা হলেন ‘বিচ্ছিন্নতাবাদী’। একে মন্ত্রী করে মোদি বিচ্ছিন্নতাবাদীদেরই উৎসাহ দিয়েছেন।’

পশ্চিমবঙ্গের আলীপুরদুয়ারের এমপি জন বার্লা গতকাল (বুধবার) সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তাঁকে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে।

জন বার্লা সম্প্রতি ‘উত্তরবঙ্গ’কে পৃথক রাজ্য করা অথবা কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চল করার দাবি জানিয়ে বিতর্কে জড়িয়েছেন। বিভিন্ন মহল থেকে তাঁর নিন্দা জানানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় তৃণমূলের পক্ষ থেকে এফআইআরও করা হয়েছে। এবার সেই জন বার্লাকে কেন্দ্রীয় মন্ত্রী করায় তৃণমূল এব্যাপারে তীব্র সমালোচনা ও কটাক্ষ করেছে।

কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা আজ বলেন, ‘কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প রাজ্য সরকার কার্যকর করছে না। আগামীদিনে সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর সেই বিষয়ে আলোচনায় বসব।’

আজ পাল্টা জবাবে তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি  বলেন, একদম বাজে কথা। জন বার্লা কচ্ছু জানে না। আমি দু’বছর ওকে সংসদে দেখলুম। একদিনও একটা সম্পূর্ণ বক্তব্য দিতে পারেনি ইংরেজি ও হিন্দিতে। ও আগে কী কী প্রকল্প আছে জেনে নিক তারপরে বলবে।’ ‘জন বার্লা কী বলে, তার কোনও গুরুত্ব নেই। ওঁর নিজের দলেই গুরুত্ব পাবে না। অন্য দলের কথা ছেড়ে দিন’ বলেও মন্তব্য করেন তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি।  

এরআগে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘বিজেপি একটা অদ্ভুত রাজনৈতিক দল! তারা এমন একজনকে উত্তরবঙ্গ থেকে মন্ত্রী  করলেন যিনি বাংলা ভাগ চান। পাহাড় নিয়ে আগেও এই ধরনের মদদ  দেওয়া হয়েছে।’

রাজ্যের সাবেক মন্ত্রী গৌতম দেব বলেন, ‘আমরা জন বার্লার মতো  বিচ্ছিন্নতাবাদীকে প্রশ্রয় বা গুরুত্ব কোনওটাই দিতে চাই না। কিন্তু বিজেপি যে উদ্দেশ্য নিয়ে বাংলা ভাগের উসকানি দিতে চাচ্ছে, তার বিরুদ্ধে আমরা সোচ্চার হবো। বিজেপি বাংলায় পরাজিত হওয়ার পরে যে বিভাজনের  রাজনীতি উসকে দেওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে।’ 

আলীপুরদুয়ারের সাবেক তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, ‘উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা করার জন্য বিজেপি নতুন উকিল ঠিক করেছে। তিনি জন বার্লা। বাংলাকে ভাগ করার উসকানি দেওয়ার জন্য তাকে পুরস্কার দিয়েছে বিজেপি। আমরা ওর মুখোশ খুলে দেবো।’ বাংলা ভাগের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে বলেও সাবেক তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী মন্তব্য করেন। # 

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।