পশ্চিমবঙ্গে কোনও সিএএ-এনআরসি-এনপিআর চালু হবে না: জ্যোতিপ্রিয় মল্লিক
https://parstoday.ir/bn/news/india-i94400-পশ্চিমবঙ্গে_কোনও_সিএএ_এনআরসি_এনপিআর_চালু_হবে_না_জ্যোতিপ্রিয়_মল্লিক
ভারতের পশ্চিমবঙ্গের বন ও অপ্রচলিত শক্তি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ‘রাজ্যে কোনও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি), জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) চালু হবে না। তিনি আজ (শনিবার) হাবড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১০, ২০২১ ১৪:১৭ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের বন ও অপ্রচলিত শক্তি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, ‘রাজ্যে কোনও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি), জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) চালু হবে না। তিনি আজ (শনিবার) হাবড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন।

কেন্দ্রীয় বিজেপি সরকার দেশজুড়ে সিএএ-এনআরসি-এনপিআর চালু করার প্রতিশ্রুতি দিয়েছে। এসকল কর্মসূচিতে সাধারণ মানুষের দুর্ভোগ বৃদ্ধির অভিযোগে বিরোধীরা সরকারের ওই কর্মসূচির প্রতিবাদ জানিয়ে আসছে।    

রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, আপনার কাছে ভোটার কার্ড, আপনার কাছে আধার কার্ড, আপনার কাছে পাসপোর্ট রয়েছে, আপনি ভারতের নাগরিক। বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলুক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলুক, আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলুক বাংলায় সিএএ চালু হচ্ছে না, হবে না।’  

রাজ্য থেকে সম্প্রতি ৪ বিজেপি এমপিকে কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী করা প্রসঙ্গে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ওঁরা হলেন ‘হাফপ্যান্ট মন্ত্রী’।  হাফপ্যান্ট মন্ত্রী কাকে বলে জানেন? কোনও ক্যাবিনেট মন্ত্রী তাঁকে একটা ফাইলও পাঠাবেন না! মন্ত্রীর তকমা লাগিয়েছেন, ওঁরা ঘুরে বেড়াবে। এটা  বাংলার সাড়ে দশ কোটি মানুষকে নরেন্দ্র মোদির ভাঁওতাবাজি। চারজনকে মন্ত্রী বানিয়েছেন, ওদের ব্যাকগ্রাউন্ড একটু দেখে নেবেন, থানা পুলিশ দিয়ে একটু তদন্ত করে নিন যে চারজনের ব্যাকগ্রাউন্ড কী এবং তারা কী করে বেড়ায়।’

দেশে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আজ কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘বিশ্ব বাজারে তেলের দাম কমে গেছে। বিশ্ব বাজারে তেলের দাম পড়ে গেছে। প্রতিবেশি বিভিন্ন দেশের তুলনায় ভারতে তেলের দাম লাগামছাড়া হয়ে গেছে। রান্নার গ্যাসের দাম হু হু করে বাড়ছে। এভাবে যদি গ্যাসের মূল্যবৃদ্ধি চলতে থাকে তাহলে ২০২৪ সালের ডিসেম্বরে একটা গ্যাস সিলিন্ডারের দাম হবে দু’হাজার টাকা। একইভাবে একনাগাড়ে পেট্রোলের বাড়তে থাকলে ২০২৪ সালের ডিসেম্বরে দাম হবে লিটার প্রতি সাড়ে চারশো টাকা।’

তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আজ শনিবার ও আগামীকাল (রোববার) দু’দিন ধরে তৃণমূলের আন্দোলন চলবে বলেও পশ্চিমবঙ্গের বন ও অপ্রচলিত শক্তি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মন্তব্য করেন। #

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।