বিজেপিকে ভারত থেকে বিতাড়িত না করা পর্যন্ত রাজ্যে রাজ্যে খেলা হবে : মমতা
-
মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, ‘যতদিন বিজেপিকে ভারতবর্ষ থেকে আমরা বিতাড়িত না করতে পারি, ততদিন রাজ্যে রাজ্যে ‘খেলা হবে’। বুথে খেলা হবে, সমস্ত জায়গায় খেলা হবে।’ তিনি আজ (বুধবার) তৃণমূলের শহীদ দিবস পালনকে কেন্দ্র করে এক ভার্চুয়াল সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
পশ্চিমবঙ্গে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রধান স্লোগান ছিল ‘খেলা হবে’। রাজ্যে বিজেপিকে পরাজিত করে তৃণমূল বিপুলভাবে ক্ষমতায় এসেছে। মমতা আজ বিজেপিকে টার্গেট করে বিভিন্ন রাজ্যে ‘খেলা হবে’ বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, দেশে গণতন্ত্রের পরিবর্তে গোয়েন্দাগিরি চলছে, আমাদের সবার মুখ বন্ধ। কোভিড নিয়ে দেশকে শেষ করে দিয়েছে। কোভিডের দ্বিতীয় ঢেউ কাউকে বুঝতে দেওয়ার আগেই ৪ লাখ প্রাণ অকালে ঝরে গেছে।’
মমতা বলেন, ‘বিজেপির মগজে কেবল মরুভূমি ছাড়া আর কিছু নেই। ওরা মানবাধিকার কাকে বলে জানে না। ওরা মানবিক কাকে বলে জানে না। শুধু ফোন ট্যাপ করলে আর গোয়েন্দাগিরি করলে সবকিছু হয় না। শুধু এজেন্সিদের কন্ট্রাক্টর হয়েছে।’
মমতা বলেন, ‘কোভিডে ভ্যাকসিন নেই, মেডিসিন নেই, অক্সিজেন নেই! (বিজেপিশাসিত উত্তর প্রদেশে) কোভিডে মারা গেলে গঙ্গা নদীতে লাশ ফেলে দেওয়া হচ্ছে। আর প্রধানমন্ত্রী বলছেন, উত্তর প্রদেশ হল দেশের মধ্যে সবচেয়ে ভালো রাজ্য! লজ্জা করে না! কোনও লজ্জা করে না! একে তো ওষুধ দিচ্ছে না, ভ্যাকসিন দিচ্ছে না, এরপরে মারা গেলে শেষকৃত্য করতে দিচ্ছে না। মৃতদেহকে সম্মান জানাতে দাও না তোমরা। সমস্ত লাশ গঙ্গায় ভাসিয়ে দিয়েছো! কখনও বিহার লাশ তুলেছে, কখনও বাংলা তুলেছে। বাংলায় লাশ ভেসে এলে আমরা তাদের সসম্মানে শেষকৃত্য করার ব্যবস্থা করেছি। এটা উত্তর প্রদেশের কাজ ছিল, আপনারা করেননি। কিন্তু আপনারা বড় বড় কথা বলেন!’
মমতা কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে বলেন, ‘আপনাদের চূড়ান্ত ব্যর্থতার জন্য ৪ লাখ মানুষ মারা গেছে। কেউ একটা অক্সিজেন পর্যন্ত পায়নি। কোভিডের দ্বিতীয় ঢেউ আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম, যদি সঠিক সময়ে ব্যবস্থা গ্রহণ করা হতো।’
মমতা আজ ইহুদিবাদী ইসরাইলি পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ সম্পর্কে বলেন, ‘পেগাসাস-পেগাসাস, নরেন্দ্র মোদির নাভিশ্বাস’ ‘পেগাসাস হঠাও, দেশ বাঁচাও’, পেগাসাস হঠাও, গোয়েন্দাগিরি হঠাও, দেশ বাঁচাও’।’
মমতা আজ নাম না করে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, বলেন, ‘অনেক বড় বড় ‘গাদ্দার’ আছে, আবার ফোন ট্যাপিংয়ের কথাও বলছে, এই গাদ্দারদের একদিন মানুষ রাজনৈতিকভাবে বিদায় দেবে, এটা আমি বিশ্বাস করি। আর বিজেপি পার্টিতে গাদ্দারদেরই জন্ম হয়। ভালো লোকেদের জন্ম হয় না। তার কারণ, ওরা সভ্যতা জানে না, ওরা সংস্কৃতি জানে না, ওরা দেশটাকে জানে না, এভাবে ওরা সবার মুখ বন্ধ করে দিয়ে রাজনীতি করছে।’
‘আমরা এই রাজনীতি পছন্দ করি না। আমি তাই আগামী দিন বলব, আমরা এসবের বিরুদ্ধে লড়াই করব। আমরা ভয় পাবো না’ বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।