বিজেপি’র বিরুদ্ধে প্রকৃত লড়াই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় : ব্রাত্য বসু
-
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, বিজেপি’র বিরুদ্ধে প্রকৃত লড়াই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (শুক্রবার) ত্রিপুরা সফরে গিয়ে আগরতলায় ওই মন্তব্য করেন।
বিজেপিশাসিত ত্রিপুরায় রাজনৈতিক কর্মসূচিতে বর্তমানে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের নেতা-মন্ত্রীরা অবস্থান করছেন। বর্তমানে আগরতলায় রয়েছেন তৃণমূলের এমপি শান্তনু সেন ও রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। আজ (শুক্রবার) সকালে আগরতলা গেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও অপরূপা পোদ্দার এমপি।
আজ পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘ত্রিপুরায় বামফ্রন্টের সঙ্গে কোনও জোট হবে না। কিন্তু পশ্চিমবঙ্গের বামেদের সঙ্গে এই রাজ্যের বামেদের চরিত্রগত পার্থক্য আছে। তারা মাটির কাছাকাছি থেকে লড়াই করছেন। চাইলে বাম নেতা-কর্মীরা তৃণমূলে আসতে পারেন। তারা জানেন, বিজেপি’র বিরুদ্ধে প্রকৃত লড়াই লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’
ব্রাত্য বসু বলেন, ‘দরকার পড়লে বারবার ত্রিপুরায় আসবো। স্থানীয় নেতৃত্বের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ত্রিপুরার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন ও লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই।’
অন্যদিকে, ত্রিপুরায় বিজেপি’র রাজ্য সভাপতি মানিক সাহা তৃণমূলের নেতৃত্বের সফর প্রসঙ্গে বলেন, ‘যেকোনও রাজনৈতিক দল কর্মসূচির জন্য আসতেই পারেন। আমরা ওদের রাজনৈতিকভাবে মোকাবিলা করব।’
ত্রিপুরায় সম্প্রতি তৃণমূল নেতাদের উপরে আক্রমণ ও তাদের গ্রেফতারের ঘটনায় তৃণমূল ও বিজেপি’র মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। তৃণমূলের বক্তব্য, গণতন্ত্রের হত্যাকারী বিজেপিকে পরাজিত করে জিতবে ত্রিপুরা।#
পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।