ত্রিপুরায় আমাদের আটকানো যাবে না, আমরা পরবর্তীতে জিতব: মমতা
https://parstoday.ir/bn/news/india-i96136-ত্রিপুরায়_আমাদের_আটকানো_যাবে_না_আমরা_পরবর্তীতে_জিতব_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,  ত্রিপুরায় আমাদের আটকানো যাবে না, আমরা পরবর্তীতে সেখানে জিতব। তিনি আজ (বুধবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ১৮, ২০২১ ১৪:৪৮ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,  ত্রিপুরায় আমাদের আটকানো যাবে না, আমরা পরবর্তীতে সেখানে জিতব। তিনি আজ (বুধবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। 

মমতা বলেন, ‘আমরা চাই বাংলার প্রকল্পগুলো ত্রিপুরায় চালু হোক। ত্রিপুরার জনগণ বিনা পয়সায় চিকিৎসা সুবিধা পাক। ত্রিপুরার মানুষ বিনা পয়সায় চাল পাক। ত্রিপুরার মানুষদের ভালো হোক, এটা আমরা চাই।’  

তিনি ত্রিপুরায় বিজেপি সরকারকে টার্গেট করে বলেন, ‘ওরা যে হিংসে করছে, দেখতেই পাচ্ছেন। পুলিশের মাথা ফাটিয়ে দিয়েছে, মহিলা এমপিদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এমনকি আমাদের দল থেকে ত্রিপুরার গভর্নরের কাছে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছিল, কিন্তু সময় পাওয়া যায়নি। বলেছে ১৫ আগস্টের পরে সময় দেবো। অথচ আমাদের এখানে (পশ্চিমবঙ্গ) গভর্নরের কাছে রোজ বিজেপি নেতারা যান। আমাদের গভর্নর বেশি সময় দেন তাঁদের। আমাদের গভর্নর ভালো বলতে হবে। সেজন্য বিজেপিকে রোজ সময় দেন। আর প্রত্যেকদিন সন্ধ্যে বেলায় তাঁদের সঙ্গে আলোচনায় বসেন।’ 

ত্রিপুরা সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘এখানে লোকতন্ত্রের ‘ল’ নেই। ল’ অ্যান্ড অর্ডারের ‘ল’ নেই। অর্ডারও নেই, ল’ও নেই। টোটালটাই আউট অফ অর্ডার। এটা গুন্ডাইজম চলছে, ভ্যান্ডালিজম চলছে। আজও ত্রিপুরার সাবেক স্পিকার জিতেন সরকার, তিনি পাঁচবারের বিধায়কও ছিলেন, আমাকে চিঠি দিয়ে জানিয়েছেন আমি এবং আমার সঙ্গে অনেকেই আপনার দলে যোগ দিতে চাই।’   

গত রোববার তৃণমূলের সাধারণ সম্পাদক ও দলীয় মুখপাত্র কুণাল ঘোষ ত্রিপুরার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বলেছিলেন, ‘ত্রিপুরা লাগামছাড়া পরিস্থিতির দিকে চলে গেছে। গত কয়েকদিনে সন্ত্রাস, পুলিশি সন্ত্রাস, গুন্ডারাজ, জঙ্গলরাজ চলছে।’ 

‘ত্রিপুরায় স্বাধীনতা নেই। ত্রিপুরায় অলিখিত জরুরি অবস্থা চলছে। ত্রিপুরায় বিজেপি সরকার অলিখিত জরুরি অবস্থা চালু করেছে’ বলেও মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ত্রিপুরার আইনশৃঙ্খলার অবনতির বিষয়ে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৮