বাংলায় বিজেপি হেরে গিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে
https://parstoday.ir/bn/news/india-i96958-বাংলায়_বিজেপি_হেরে_গিয়ে_প্রতিহিংসার_রাজনীতি_করছে
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপি নির্বাচনে হেরে গিয়ে এখন প্রতিহিংসার রাজনীতিতে নেমেছে।’ তিনি আজ (রোববার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২১ ১৫:০৪ Asia/Dhaka
  • সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি
    সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপি নির্বাচনে হেরে গিয়ে এখন প্রতিহিংসার রাজনীতিতে নেমেছে।’ তিনি আজ (রোববার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।

কয়লা দুর্নীতি মামলায় সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ‘ইডি’। রুজিরা  বন্দ্যোপাধ্যায়কে ১ সেপ্টেম্বর ডাকলেও তিনি ইডিকে চিঠি দিয়ে জানান, অতিমারির মধ্যে দুই শিশু সন্তানকে নিয়ে দিল্লিতে যাওয়া নিরাপদ নয় বলে  মনে করছেন রুজিরা। তিনি ইডি’র তদন্তকারীদের কোলকাতায় বাড়িতে এসে জি়জ্ঞাসাবাদের আবেদন জানিয়েছেন।  

অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দিল্লি যাওয়ার আগে কোলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য ‘ইডি’ আমাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে। আমি দিল্লিতে যাচ্ছি। সমস্ত ধরনের তদন্তের মুখোমুখি হতে আমি প্রস্তুত।’  

অভিষেক বন্দোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেন, ‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে পিছনে লাগিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা ছাড়া এদের আর কোনও কাজ নেই। সারদা আর্থিক দুর্নীতি মামলায় বিজেপি নেতাদের নাম না করে অভিষেক তাদের বিরুদ্ধে তদন্ত না হওয়া প্রসঙ্গে কেন্দ্রীয় এজেন্সিকে কটাক্ষ করে বলেন, ‘যাঁদেরকে হাত পেতে, হাত বাড়িয়ে টিভির পর্দায় টাকা নিতে দেখা গেল নির্দ্বিধায়, নির্লজ্জভাবে, ইডির বা  সিবিআইয়ের কী তখন চোখে ছানি পড়ে যায়?’  

‘সমস্ত তদন্তের মুখোমুখি হতে রাজি আছি। দশ পয়সার নয়ছয় করেছি প্রমাণ করতে পারলে ‘ইডি’, ‘সিবিআই’ (কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা) দরকার হবে না, ফাঁসির মঞ্চে প্রকাশ্যে প্রাণ দেবো’ বলেও মন্তব্য করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি।   

  

পার্সটুডে/ এমএএইচ/বাবুল আখতার/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।