শুভেন্দু অধিকারীকে তদন্তে সহযোগিতা করতে হবে, গ্রেফতার নয়: কোলকাতা হাইকোর্ট
https://parstoday.ir/bn/news/india-i97006-শুভেন্দু_অধিকারীকে_তদন্তে_সহযোগিতা_করতে_হবে_গ্রেফতার_নয়_কোলকাতা_হাইকোর্ট
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিভিন্ন মামলার ঘটনায় তাঁকে গ্রেফতার করা যাবে না বলে কোলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০২১ ১৫:১৩ Asia/Dhaka
  • শুভেন্দু অধিকারীকে তদন্তে সহযোগিতা করতে হবে, গ্রেফতার নয়: কোলকাতা হাইকোর্ট

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিভিন্ন মামলার ঘটনায় তাঁকে গ্রেফতার করা যাবে না বলে কোলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে কোলকাতাসহ রাজ্যের পাঁচটি থানায় দায়ের হওয়া পাঁচটি মামলা প্রসঙ্গে আজ (সোমবার) ওই নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

শুভেন্দু অধিকারী আদালতে আবেদন জানান, হয় মামলাগুলো খারিজ করা হয় অথবা সিবিআই তদন্ত হোক। কারণ, প্রত্যেকটি মামলাই রাজ্যনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত বলে তাঁর দাবি।  

কোলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা সোমবার বলেন, শুভেন্দু অধিকারীকে কোনও মামলায় গ্রেফতার করা যাবে না। কিন্তু তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে। তিনি রাজ্যের বিরোধী দলনেতা। সেজন্য তাঁর মর্যাদার কথা বিবেচনা করেই তদন্তের গতিপ্রকৃতি নির্ধারিত করতে হবে। সিআইডি বা পুলিশ হঠাৎ জিজ্ঞাসাবাদের জন্য তলব করলেই তাঁর পক্ষে হাজির হওয়া সম্ভব না-ও হতে পারে।   

২০১৮ সালে রাজ্যের তৎকালীন তৃণমূল সরকারের মন্ত্রী শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী গুলিবিদ্ধ হয়ে মারা যান। সেই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার ভবানীভবনে শুভেন্দুকে তলব করেছিল সিআইডি। কিন্তু তিনি হাজির হননি। দলীয় কর্মসূচিতে ব্যস্ত থাকবেন বলে তিনি সিআইডিকে ইমেইল করে জানিয়ে দেন।

এদিকে, কোলকাতা হাই কোর্ট শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দিয়েছে বলে প্রচারণা শুরু হলেও তা খারিজ করে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। তিনি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, ‘শুভেন্দুর রক্ষাকবচ? ভুল প্রচার। ও তদন্ত এড়াতে গিয়েছিল। হাই কোর্ট বলেছে জেরায় বসতে হবে। গ্রেফতার করা যাবে না বলে নাটক হাস্যকর। প্রথমেই গ্রেফতার আসছে কোথা থেকে? তদন্তে গুরুতর কিছু পেলে কোর্ট দেখবেন কী করা যায়। আপাতত ওকে জেরায় আসতে হবে। এড়াতে পারল না। এটা জয়?’ 

অন্যদিকে, কয়লা দুর্নীতি মামলায় দিল্লি থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তলব পেয়ে আজ (সোমবার) সেখানে হাজিরা দিতে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। 

এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আজ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম না করে বলেন, ‘একজন চক্রান্ত জেনেও মাথা উঁচু করে তদন্তের মুখোমুখি হবে। অন্যজন কখনও তদন্ত থেকে বাঁচতে দল বদলায়, আজ আবার তদন্ত এড়াতে গর্তে ঢুকে যাচ্ছে। বাঘ আর বাঘছাল পরা বিড়ালের তফাৎ আবার প্রমাণিত।’ 

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ইডি’র তলব প্রসঙ্গে আজ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এমপি বলেন, ‘তাঁর সম্পর্কে অভিযোগ এসেছে, তাঁর চ্যালাচামুণ্ডারা ধরা পড়েছে, তারা নাম বলেছে, সেজন্য ‘ইডি’ ডেকেছে। আপনার দোষ না থাকলে কাগজপত্র দিন, কথা বলুন। বদলা হিসেবে শুভেন্দু বাবুকে সিআইডি নোটিশ দিচ্ছে। আমি যদি প্রশ্ন করি তাঁর ডান হাত বিনয় মিশ্র আজ কোথায়? তিনি এ দেশের নাগরিক নন, অথচ আপনার ভাইস-প্রেসিডেন্ট হয়ে বসে আছে! অন্য দেশে চলে গেছে। তিনি তো খুব কাছে থাকতেন, তিনি যে হাজার কোটি টাকা কামিয়েছেন, লোককে দিয়েছেন। এ সমস্ত তথ্য উঠে এসেছে তাই তদন্ত হয়েছে। তাদের মনে হয়েছে আপনার যোগাযোগ আছে, কারণ আপনার খুব কাছের লোক এরা।’ আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করুন বলেও অভিষেক বন্দোপাধ্যায়কে টার্গেট করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।#     

  

পার্সটুডে/ এমএএইচ/বাবুল আখতার/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।