'বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরার দুয়ারে গুন্ডারাজ চলছে'
https://parstoday.ir/bn/news/india-i98988-'বিপ্লব_দেবের_নেতৃত্বে_ত্রিপুরার_দুয়ারে_গুন্ডারাজ_চলছে'
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিপ্লব দেবের নেতৃত্বাধীন ত্রিপুরায় ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, ‘বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরার দুয়ারে গুন্ডারাজ চলছে।’ ত্রিপুরায় সুস্মিতা দেব এমপির নেতৃত্বে দলীয় কর্মসূচি চালানোর সময়ে সুস্মিতা দেবসহ অন্যরা আক্রান্ত হওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ (শুক্রবার)ওই মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২২, ২০২১ ১৪:২৫ Asia/Dhaka
  • সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি
    সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিপ্লব দেবের নেতৃত্বাধীন ত্রিপুরায় ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করে বলেছেন, ‘বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরার দুয়ারে গুন্ডারাজ চলছে।’ ত্রিপুরায় সুস্মিতা দেব এমপির নেতৃত্বে দলীয় কর্মসূচি চালানোর সময়ে সুস্মিতা দেবসহ অন্যরা আক্রান্ত হওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ (শুক্রবার)ওই মন্তব্য করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ এক বার্তায় আরও বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে আক্রমণ যেন নয়া নজির গড়ছে। রাজ্যসভার এমপি সুস্মিতা দেবকে এভাবে শারীরিকভাবে নিগ্রহ  চূড়ান্ত লজ্জাজনক!  বিজেপি’র গুণ্ডারা রাজনৈতিক সন্ত্রাস চালাচ্ছে  ত্রিপুরাতে। সময় ঘনিয়ে আসছে, সব উত্তর ত্রিপুরার মানুষই দেবেন।’

আজ ত্রিপুরায় তৃণমূলের প্রচার গাড়িতে হামলা ও রাজ্যসভার এমপি সুস্মিতা দেবকে  শারীরিকভাবে নিগ্রহের জেরে ত্রিপুরার বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আগামী ডিসেম্বর মাসে ত্রিপুরায় পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে ‘ত্রিপুরার জন্য তৃণমূল’ প্রচার গাড়িতে আজ থেকে জনসম্পর্ক অভিযান শুরু করেছে তৃণমূল। সুস্মিতা দেব এমপির নেতৃত্বে সেই প্রচার গাড়ি ত্রিপুরার আমতলি বাজারের কাছে পৌঁছতে গাড়ির ওপর হামলা হয়। তৃণমূলের অভিযোগ, গাড়ি ভাঙচুর করার পাশাপাশি শারীরিকভাবে নিগ্রহ করা হয় সুস্মিতা দেবসহ তৃণমূলের অন্য কর্মী-সমর্থকদের। আহত সুস্মিতা দেবসহ অন্য তৃণমূল কর্মী-সমর্থকদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার  জন্য।   

আজ ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, ‘বিপ্লব কুমার দেবের সরকার কর্তৃক বিরোধী কণ্ঠরোধের অপচেষ্টা ও তৃণমূল কংগ্রেসের সৈনিকদের ওপর বিজেপির গুন্ডা বাহিনীর এই অমানবিক অত্যাচারের যোগ্য জবাব দেবে ত্রিপুরাবাসী। পুলিশ-প্রশাসন আর কতদিন নীরব দর্শকের ভূমিকা পালন করবে? আমরা অবিলম্বে দোষীদের শাস্তি চাই।’    

ত্রিপুরা তৃণমূল আরও বলেছে, ‘ত্রিপুরার মাটিতে স্বৈরাচারী বিজেপি সরকারের কদর্য রূপ আবারও প্রকাশ্যে। ‘ত্রিপুরার জন্য তৃণমূল’ কর্মসূচির প্রথম দিনেই বিজেপি’র  দুষ্কৃতীরা আমাদের কর্মী, সমর্থকদের ওপর বর্বরোচিত আক্রমণ চালালো। ত্রিপুরার মাটিতে তৃণমূল কংগ্রেসের উত্থানে শাসক দল কী শঙ্কিত?’   

বিজেপিশাসিত ত্রিপুরায় এরআগেও দলীয় কর্মসূচিতে গিয়ে একাধিকবার আক্রান্ত হয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। সেসময়েও রাজ্যের শাসকদল বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছিল তৃণমূল।#      

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।