বিজেপি নেতাদের সঙ্গে আঁতাত করে চলছেন মমতা: অধীর রঞ্জন চৌধুরী
ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেসের সভাপতি ও লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেছেন, মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের সঙ্গে আঁতাত রেখে চলছেন। তিনি আজ (শনিবার) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। তিনি মমতাকে ‘ট্রোজান হর্স’ বা ট্রয়ের ঘোড়া বলেও কটাক্ষ করেছেন।
অন্যদিকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপি’র সঙ্গে সমঝোতা করে চলে কংগ্রেস। কংগ্রেসের জন্যই বিজেপি শক্তিশালী হয়ে উঠেছে। তিনি আজ (শনিবার) গোয়ায় ওই মন্তব্য করেন।
এর পাল্টা জবাবে মমতার সমালোচনা করে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘ট্রোজান হর্স’-এর দায়িত্ব নিয়েছেন আপনি। চুপচাপ কংগ্রেস ও বিরোধীদলের মধ্যে থেকে আপনি কংগ্রেস ও বিরোধী শক্তিকে ধ্বংস করতে চেয়েছিলেন। তাঁর জ্বলন্ত উদাহরণ আপনি নিজেই প্রমাণ করে দিচ্ছেন।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দোপাধ্যায়কে সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দফতরে জিজ্ঞাসবাদের জন্য ডেকে পাঠানোকে কেন্দ্র করেও মমতার সমালোচনা করেছেন অধীর বাবু।
তিনি বলেন, ‘আপনার ভাইপোকে ‘ইডি’র দফতরে ডেকে পাঠালো। ইডি দফতর থেকে বেরিয়ে আসার পরে কংগ্রেস খারাপ হয়ে গেল! তারপর থেকে কংগ্রেসের বিরুদ্ধে গালি দেওয়া শুরু হল। আমার প্রশ্ন-আগেস্টের ২০ থেকে সেপ্টেম্বরের ৬ তারিখ এই ১৬ দিনের আগে কংগ্রেস ভালো ছিল। কিন্তু ১৬ দিন পরে কংগ্রেস কী করে খারাপ হয়ে গেল সেই তথ্যটা ভারতবর্ষের মানুষকে বাংলার মানুষকে দয়া করে বলবেন। আপনি রাজনাথ সিং, নীতিন গদকড়ি ও মোহন ভাগবত এই তিনটে বিজেপি নেতার সঙ্গে সম্পর্ক রেখে চলছেন’ বলেও কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি মন্তব্য করেন। অধীর বাবু এরআগে মমতাকে বিজেপির সবচেয়ে বড় দালাল বলেও কটাক্ষ করেছিলেন।#
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।