হরমুজ প্রণালীতে মার্কিন কর্মকাণ্ডের ভয়াবহ পরিণতির ব্যাপারে ইরানের হুঁশিয়ারি
-
ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি "আমির সাঈদ ইরাভানি"
পার্সটুডে- নিরাপত্তা পরিষদের মহাসচিব ও সভাপতির কাছে লেখা এক চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দুটি ইরানি ট্যাংকারের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলাকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিন সতর্ক করে বলেছেন, এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখার পরিণতি ভয়াবহ হতে পারে এবং এর প্রভাব এই অঞ্চলের সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত হবে।
ইরানের রাষ্ট্রিয় সম্প্রচার বিভাগের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি "আমির সাঈদ ইরাভানি" শুক্রবার জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতি (চীন)-কে লেখা এক চিঠিতে বলেছেন "আমি গত ৭মে ইরানের জাস্ক বন্দর ও হরমুজ প্রণালীর নিকটবর্তী এলাকায় দুটি ইরানি ট্যাংকারের বিরুদ্ধে মার্কিন সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত আগ্রাসী সামরিক পদক্ষেপ এবং হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন স্থানে চালানো হামলার তীব্র জানাচ্ছি।"
ইরাভানি জোর দিয়ে বলেন, এই আগ্রাসী ও উস্কানিমূলক কর্মকাণ্ড, যা মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে স্বীকার করেছেন, তা ৮ই এপ্রিল যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের ২ নং অনুচ্ছেদের ৪ নং ধারার চরম লঙ্ঘন।
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্র তথাকথিত নৌ অবরোধ আরোপ, ইরানের বাণিজ্যিক জাহাজের ওপর বারবার হামলা ও সেগুলো অবৈধভাবে জব্দ এবং নাবিকদের জিম্মি করার মাধ্যমে তারা অন্যায় কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।
তিনি আরও বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান তার বৈধ আত্মরক্ষার সহজাত অধিকারের ওপর জোর দিয়ে এবং তার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষা ও সুরক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি, মহাসচিব ও নিরাপত্তা পরিষদকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধসহ যুক্তরাষ্ট্রের অবৈধ কর্মকাণ্ডের সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন নিন্দা জানাতে এবং যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইনের অধীনে তার বাধ্যবাধকতা মেনে চলতে ও ভবিষ্যতে যেকোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে আহ্বান জানায়।#
পার্সটুডে/এমআরএইচ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন