রেকর্ড ভাঙা মূল্যবৃদ্ধি, সরকারকে ক্ষমা করবে না জনগণ: কংগ্রেস
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস, দেশে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বলেছে রেকর্ড ভাঙা মূল্যবৃদ্ধির জন্য সরকারকে ক্ষমা করবে না জনগণ।
আজ (বুধবার) কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধি এমপি এবং সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি অস্বাভাবিক মুদ্রাস্ফীতি নিয়ে কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারকে টার্গেট করেছেন।
কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেছেন, ‘এখন দেওয়ালি এসে গেছে, কিন্তু মূল্যবৃদ্ধি চরমে। এটা কোনো ব্যঙ্গের বিষয় নয়, যদি মোদি সরকারের জনসাধারণের জন্য সংবেদনশীল হৃদয় থাকত।’
অন্যদিকে, দেওয়ালি উৎসবের সময়েও মূল্যবৃদ্ধি অব্যাহত থাকায় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বলেছেন, এটা উৎসবের সময়। মানুষ মূল্যস্ফীতি নিয়ে চিন্তিত। নির্বাচনের সময়ে জনগণ ক্ষমা করবে না। দেশে প্রত্যেকদিনই বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম।কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেছেন, ‘বিজেপি সরকারের লুটপাটের মানসিকতা উৎসবের আগে মূল্যস্ফীতি কমানোর পরিবর্তে গ্যাস সিলিন্ডার, পেট্রোল-ডিজেল, তেল, সবজির দাম আকাশে পৌঁছে গেছে। নির্বাচনের সময়, বিজেপি ১/২ টাকা কমিয়ে জনগণের মধ্যে যাবে, তখন তারা যোগ্য জবাব পাবে। জনগণ ক্ষমা করবে না।’
প্রিয়ঙ্কা গান্ধি এরআগে মূল্যবৃদ্ধি প্রসঙ্গে সরকারকে কটাক্ষ করে বলেছিলেন, ‘জনসাধারণকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে মোদিজীর সরকার বড় রেকর্ড গড়েছে। সর্বোচ্চ বেকারত্ব, সরকারি সম্পত্তি বিক্রি এবং পেট্রোলের দাম এক বছরে সবচেয়ে বেশি বেড়েছে।’
ভারতে এই প্রথমবারের মতো প্রতি লিটার পেট্রোল ১০০ টাকার উপরে বিক্রি হচ্ছে। এ ছাড়া উৎসবের মরসুম আসতেই বাড়তে শুরু করেছে বিভিন্ন পণ্যের দাম। নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র চিনি, তেল, পেঁয়াজ, আলুসহ প্রায় সমস্ত সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে। দেশে ২০২২ সালে পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার আগে বিরোধীরা এখন থেকেই মূল্যবৃদ্ধি ও অন্যান্য ইস্যুতে কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারকে টার্গেট করা শুরু করেছে।
এ প্রসঙ্গে আজ (বুধবার) ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সমাজকর্মী জান্নাতুন ফিরদৌস রেডিও তেহরানকে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন ‘আচ্ছে দিন’ বা সুদিন আনার। কিন্তু সু’দিন আসা তো দূরের কথা নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, সরিষার তেল, পেঁয়াজ ইত্যাদির আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি হয়েছে। সরকার মুখে ‘আচ্ছে দিন’ আনার কথা বললেও আসলে জনসাধারণকে কার্যত পিছন থেকে বিপর্যয়ের মধ্যে ঠেলে দিচ্ছে। আগামী ২০২২ সালে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। মানুষ ভোটবাক্সে এর জবাব দেবে। আচ্ছে দিনের নামে সরকার আর কত ঠাট্টা করবে সাধারণ মানুষকে নিয়ে?’ কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন সমাজকর্মী জান্নাতুন ফিরদৌস।#
পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।