পশ্চিমবঙ্গে ১৬ নভেম্বর থেকে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু হবে : মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী ১৬ নভেম্বর থেকে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু হবে। গাড়িতে করে বাড়ির সামনে রেশন পৌঁছে দেওয়া হবে। একটা পাড়ায় রেশন নিয়ে যাওয়া হবে, সেখান থেকে সবাই নিয়ে নিতে পারবেন। তিনি আজ (মঙ্গলবার) রাজ্য বিধানসভায় এ সংক্রান্ত ঘোষণা করেন।
মুখ্যমন্ত্রীর ঘোষণার পাল্টা জবাবে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘দুয়ারে রেশন প্রকল্পের বিরুদ্ধে আপনারা জানেন, রেশন ডিলাররা কোর্টে গেছেন। উনি দুয়ারে রেশন প্রকল্প চালু করে দিতে বলছেন। কিন্তু সেজন্য যে অর্থের প্রয়োজন তার ব্যবস্থা করেননি। এই প্রকল্প বেশিদিন চলতে পারে না, মুখ থুবড়ে পড়বে। অথবা রেশন ডিলারদের উনি বাঁকা পথে রোজগার করার জন্য উৎসাহিত করছেন।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় বিজেপির নাম না করে বলেন, ‘ইশতেহারে আমরা যা বলি, আমরা সেটা করি। কিন্তু একমাত্র রাজনৈতিক দল যারা বলে আচ্ছে দিন (সুদিন) আসবে, কিন্তু তার পরিবর্তে খারাপ দিন এসে যায়।
বিজেপি বিধায়করা বিধানসভায় উপস্থিত না থাকায় মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীরা বিধানসভাকে বিধানসভা বলে মনে করেন না। যখন ইচ্ছে হয় তাঁরা আসেন, না হলে আসেন না।
এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘পুজোর মরসুমে ইচ্ছে করে মুখ্যমন্ত্রী বিধানসভা খুলে রেখছেন যাতে বিরোধীপক্ষ সেখানে অংশগ্রহণ না করতে পারে। সিপিএমের মতো নাস্তিক দলও এ সময় বিধানসভা চালু রাখত না। নিয়ম মেনে বিধানসভা চালাতে হবে তাঁকে।’ আমাদের বিধায়করা জনগণের সাথে আছেন, থাকবেন বলেও মন্তব্য করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।#
পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/০৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।