মার্কিন দ্বৈত আচরণ ভিয়েনা আলোচনার প্রধান বাধা
https://parstoday.ir/bn/news/iran-i100392-মার্কিন_দ্বৈত_আচরণ_ভিয়েনা_আলোচনার_প্রধান_বাধা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে তার প্রধান বাধা হচ্ছে আমেরিকার দ্বৈত আচরণ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৪, ২০২১ ১২:৪৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা ইস্যুতে যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে তার প্রধান বাধা হচ্ছে আমেরিকার দ্বৈত আচরণ।

আগামী ২৯ নভেম্বর এ আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের ওপর মার্কিন সরকার যে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে তা প্রত্যাহারের বিষয়টি আলোচনার বিশেষ গুরুত্ব পাবে।

গতকাল (মঙ্গলবার) সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইগ্নাজিও ক্যাসিসের সঙ্গে এক টেলিফোন আলাপে আমির আব্দুল্লাহিয়ান আরো বলেন, দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইরান আন্তরিক ও প্রস্তুত ছিল। কিন্তু আমেরিকা যে আচরণ করছে তা মোটেই নির্ভরযোগ্য নয়।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, একদিকে আমেরিকা পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে নিজের আগ্রহের কথা প্রকাশ করছে, অন্যদিকে গত কয়েক সপ্তাহে ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর আমেরিকা অন্তত দুই দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এ অবস্থায় ইরান মনে করছে আমেরিকার এই দ্বৈত আচরণ আসন্ন ভিয়েনা আলোচনা সফল হওয়ার পথে প্রধান বাধা। তিনি স্পষ্ট করে বলেন, মার্কিন আচরণের ভিত্তিতে ইরান সবকিছু বিচার করবে।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।