ইরানের প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i100982-ইরানের_প্রস্তাবনা_গুরুত্বের_সঙ্গে_বিবেচনা_করতে_হবে_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ভিয়েনা সংলাপে তার দেশের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য পাশ্চাত্যের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভিয়েনা বৈঠকে তার দেশ পূর্ণ আন্তরিকতা নিয়ে অংশগ্রহণ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২১ ০৩:৩৭ Asia/Dhaka
  • সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে বক্তব্য রাখছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
    সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে বক্তব্য রাখছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ভিয়েনা সংলাপে তার দেশের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জন্য পাশ্চাত্যের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভিয়েনা বৈঠকে তার দেশ পূর্ণ আন্তরিকতা নিয়ে অংশগ্রহণ করেছে।

মন্ত্রী মঙ্গলবার তেহরানে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্যদের সঙ্গে এক বৈঠকে একথা বলেন। আব্দুল্লাহিয়ান বলেন, ইরানি প্রতিনিধিদল এদেশের ওপর থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করার লক্ষ্য নিয়ে ভিয়েনা সংলাপে অংশগ্রহণ করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী এর আগেও একাধিকবার বলেছেন, তার দেশের প্রতিনিধিরা অত্যন্ত যুক্তিপূর্ণ ও স্বচ্ছ অবস্থান নিয়ে ভিয়েনা সংলাপে অংশ নিয়েছেন এবং তারা এ সংলাপ থেকে একটি ফলাফল বের করে আনতে চান।তিনি বলেন, পাশ্চাত্য চাইলে এই সংলাপ থেকে একটি ভালো চুক্তি বের করে আনা সম্ভব হবে।

গত ২৯ নভেম্বর থেকে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা শুরু হয়েছে। আলোচনায় ইরান প্রতিপক্ষগুলোকে দু’টি খসড়া প্রস্তাব দিয়েছে এবং সংকট সমাধানের জন্য এগুলো বিবেচনা করার আহ্বান জানিয়েছে।

২০১৫ সালে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ইরান তার পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আনে এবং এর বিপরীতে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।সমঝোতা অনুযায়ী ইরান তার পরমাণু কর্মসূচিতে সর্বোচ্চ চার মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সম্মত হয়।

কিন্তু ২০১৮ সালে আমেরিকা একতরফাভাবে এটি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর সব নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে ইরান সমঝোতা থেকে বেরিয়ে না গিয়ে ধীরে ধীরে নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিমাণ কমিয়ে দেয়। বর্তমানে ইরান ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। ভিয়েনা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে মূলত দু’পক্ষকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।