হামেদান থেকে তেহরান যাওয়ার পথে দায়েশের ২ সদস্য গ্রেফতার
-
মহড়ায় অংশ নিচ্ছে ইরানের বিশেষ বাহিনী
ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হামেদান থেকে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। হামেদান প্রদেশের গোয়েন্দা বিভাগের মহাপরিচালক এ তথ্য দিয়েছেন।
এতে বলা হয়েছে, পৃথক দুই গোয়েন্দা অভিযান চালিয়ে দায়েশের সঙ্গে সম্পর্কিত দুই ইরানি নাগরিককে আটক করা হয়। রাজধানী তেহরানের দিকে যাওয়ার পথে তাদের আটক করা হয় বলে জানানো হয়েছে।
এদিকে, গত শুক্রবার ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি বলেছে, বিগত ফার্সি বছরে ইরান ২০টির বেশি সন্ত্রাসীগোষ্ঠীর তৎপরতা বানচাল করা হয়েছে। এ সব গোষ্ঠী গোটা ইরানে বোমা ফাটানোর এবং নিরাপত্তাহীনতা সৃষ্টির পরিকল্পনা করেছিল। গত ফার্সি বছর মার্চ মাসের ১৯ তারিখে শেষ হয়েছে।
তেহরানের জুম্মার নামাজে দেয়া ভাষণে এ সব কথা জানান মাহমুদ আলাভি। তিনি আরো বলেন, ইরানি গোয়েন্দা বাহিনীর অভিযানে সম্ভাব্য বোমা হামলাকারীদের অনেকে নিহত এবং গ্রেফতার হয়েছে। অভিযানের মাধ্যমে এ সব সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের বেশির ভাগ দেশে নিরাপত্তাহীনতা বিরাজ করলেও ইরানে নিরাপত্তা বজায় রয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন, ইরানের কখনোই নিরাপত্তাহীনতা দেখা দেয় নি।#
পার্সটুডে/মূসা রেজা/২৩