জমেজামকে দেয়া সাক্ষাৎকারে জানালেন আব্দুল্লাহিয়ান
সংক্ষিপ্ততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তি সম্ভব: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী সব পক্ষ দৃঢ় সংকল্প দেখালে সংক্ষিপ্ততম সময়ের মধ্যে একটি ভালো চুক্তিতে উপনীত হওয়া সম্ভব। এই মুহূর্তে আলোচনার গতিপ্রকৃতি ‘ইতিবাচক ও সামনের দিকে অগ্রসরমান’ বলেও তিনি মন্তব্য করেছেন।
আব্দুল্লাহিয়ান ইরানের জমেজাম চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেছেন, বছরের পর বছর ধরে তার দেশ ভিয়েনা সংলাপের দিকে তাকিয়ে থাকবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা ব্যর্থ করে দেয়ার লক্ষ্যে প্রচেষ্টা চালানো হচ্ছে ইরানের অর্থনৈতিক প্রতিনিধিদলের দায়িত্ব।
আব্দুল্লাহিয়ান আরো বলেন, ইরান যুক্তিপূর্ণ অবস্থানে থেকে ভিয়েনা সংলাপ চালিয়ে যাচ্ছে এবং এ পর্যন্ত প্রতিপক্ষের সামনে অনেকগুলো সমাধানসূত্র তুলে ধরেছে। তিনি বলেন, ইরানের প্রস্তাবগুলো অত্যন্ত স্বচ্ছ এবং প্রতিপক্ষগুলোকে বিশেষ করে পশ্চিমা দেশগুলোকে এখন আন্তরিকতা ও সদিচ্ছা প্রদর্শন করতে হবে।
অপর এক প্রশ্নের উত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে তিনি যখন নিউ ইয়র্ক সফর করছিলেন তখন মার্কিন প্রেসিডেন্টের দফতর থেকে তার সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করা হয়। আব্দুল্লাহিয়ান বলেন, তখন আমি তাদেরকে বলেছি, আপনারা কাজে প্রমাণ করুন যে, ইরানের ব্যাপারে আপনাদের নীতিতে পরিবর্তন এসেছে। আর সদিচ্ছা প্রমাণ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া ইরানের পাওনা অর্থ (১০ বিলিয়ন ডলার) তেহরানে পৌঁছানোর ব্যবস্থা করুন।#
পার্সটুডে/এমএমআই/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।