ছাত্র সমাবেশে বললেন সাবেক পরমাণু আলোচক জালিলি
‘বারবার পরাজিত আমেরিকা আলোচনায় শর্ত আরোপ করতে পারে না’
-
ইরানের সাবেক পরমাণু আলোচক সাঈদ জালিলি
আমেরিকা ইরানকে পরাজিত করার প্রচেষ্টায় বারবার ব্যর্থ হয়েছে; কাজেই ইরানের সঙ্গে আলোচনায় পূর্বশর্ত নির্ধারণের অধিকার আমেরিকার নেই। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে সর্বোচ্চ নেতার প্রতিনিধি সাঈদ জালিলি এ সতর্কবাণী উচ্চারণ করেছেন।
তিনি রাজধানী তেহরানে এক ছাত্র সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, আমেরিকা ইরানের অর্থনীতি ও সামরিক খাতের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করেছে। কিন্তু তাতে ব্যর্থ হওয়ার পর এখন ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা শুরু করেছে।
তিনি ইরানের জন্য আমেরিকার পক্ষ থেকে পূর্বশর্ত নির্ধারণের বিষয়টিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি বাহিনীর আলোচনার প্রস্তাবের সঙ্গে তুলনা করেন। জালিলি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত হওয়ার পর জার্মানির নাৎসি বাহিনী আলোচনার প্রস্তাব দিয়েছিল যা ছিল সম্পূর্ণ হাস্যকর।
ইরানের বিরুদ্ধে অপপ্রচারের উদাহরণ দিতে গিয়ে সাবেক পরমাণু আলোচক জালিলি বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের তেল রপ্তানিকে শূন্যের কোঠায় নামিয়ে আনার ঘোষণা দিয়ে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। অথচ সেই নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় ইরান এখন প্রতিদিন ১২ লাখ ব্যারেল তেল রপ্তানি করছে। এ অবস্থায় আমেরিকার চাপ প্রয়োগে ইরান ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ভিয়েনা আলোচনায় অংশ নিয়েছে বলে যে অপপ্রচার চালানো হচ্ছে তার প্রতি ভ্রুক্ষেপ না করার জন্য তিনি ইরান সরকারের প্রতি আহ্বান জানান।#
পার্সটুডে/এমএমআই/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন