ইউক্রেন সংকটের মূলে ন্যাটোর উসকানি, তবে যুদ্ধ সমাধান নয়: ইরান
-
আব্দুল্লাহিয়ান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ন্যাটোর উসকানিমূলক তৎপরতার কারণেই ইউক্রেন সংকট তৈরি হয়েছে। তিনি আজ (বৃহস্পতিবার) এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন।
আব্দুল্লাহিয়ান আরও বলেছেন, ইরান যুদ্ধকে সমস্যা সমাধানের পন্থা বলে মনে করে না। যুদ্ধবিরতি এবং রাজনৈতিক ও গণতান্ত্রিক পন্থায় সমস্যা সমাধানের ওপর জোর দিতে হবে।
এছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ বলেছেন, ইউক্রেন ইস্যুতে উত্তেজনা দেখা দেওয়ার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তারা কাজ করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহিয়ান ইউক্রেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মানুচেহের মুরাদির সঙ্গে সেখানকার ইরানিদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এবং দিকনির্দেশনা দিয়েছেন।
ইউক্রেনের বিভিন্ন এলাকায় সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়ে রাশিয়া বলেছে, তারা ইউক্রেনের শহরগুলোতে আঘাত হানবে না। সামরিক স্থাপনাগুলোই তাদের লক্ষ্যবস্তু।
রাশিয়া মিনস্ক চুক্তি লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ করে আসছে। মিনস্ক চুক্তির প্রধান একটি শর্ত ছিল পূর্ব ইউক্রেন থেকে সামরিক স্থাপনা, সামরিক সরঞ্জাম ও ভাড়াটে সেনাদের সরিয়ে নিতে হবে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, ইউক্রেনে এখনো প্রায় ১০ হাজার বিদেশি সামরিক বিশেষজ্ঞ স্থায়ীভাবে রয়ে গেছেন। এই সেনাসদস্যদের মধ্যে চার হাজারই মার্কিন যুক্তরাষ্ট্রের।#
পার্সটুডে/এসএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।