চুক্তি চাইলে আমেরিকাকে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i111128-চুক্তি_চাইলে_আমেরিকাকে_বাস্তবসম্মত_পদক্ষেপ_নিতে_হবে_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে একটি ভালো, শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষরের ব্যাপারে ইরানের সংকল্পে কারো সংশয় থাকা উচিত নয়। তিনি আরো বলেছেন, আমেরিকা বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করলে একটি ভালো চুক্তি সই করা অবশ্যই সম্ভব।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৮, ২০২২ ০২:৪২ Asia/Dhaka
  • জোসেপ বোরেল-হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    জোসেপ বোরেল-হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে একটি ভালো, শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষরের ব্যাপারে ইরানের সংকল্পে কারো সংশয় থাকা উচিত নয়। তিনি আরো বলেছেন, আমেরিকা বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করলে একটি ভালো চুক্তি সই করা অবশ্যই সম্ভব।

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক টেলিফোনালাপে তিনি এ মন্তব্য করেন। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে প্রায় দেড় বছর ধরে পাশ্চাত্যের সঙ্গে ইরানের যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে তাতে মধ্যস্থতা করছে ইইউ।

এ আলোচনা সম্পর্কে বোরেল সম্প্রতি লন্ডন থেকে প্রকাশিত দৈনিক ফিনান্সিয়াল টাইমসে একটি নিবন্ধ লেখেন। ওই নিবন্ধের বিষয়বস্তু প্রকাশিত হওয়ার পর বুধবার বিকেলে টেলিফোনে বোরেলের সঙ্গে কথা বলেন আব্দুল্লাহিয়ান।

ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এনরিকো মুরা

তিনি বোরেল ও তার সহকারী এনরিকো মুরাকে ধন্যবাদ জানিয়ে বলেন, কেউ যেন একথা না বলে যে, ইরানের চুক্তি করার ইচ্ছে নেই; বরং ইরানের সদিচ্ছা থাকা সত্ত্বেও আমেরিকার একগুঁয়েমির কারণে চুক্তি করা সম্ভব হচ্ছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এক বছরেরও বেশি সময় ধরে চলা আলোচনায় ইরান বহু ছাড় দিয়েছে। কিন্তু আমেরিকা চুক্তি চায় বলে মুখে ঘোষণা দিলেও বাস্তবে তার পক্ষ থেকে তেমন কোনো ছাড় দিতে দেখা যাচ্ছে না।

টেলিফোনালাপে ইইউর শীর্ষ কর্মকর্তা পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় ইরানের সদিচ্ছার বিষয়টি স্বীকার করে বলেন, এতদিন ধরে যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে তাকে চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এ কাজে সহযোগিতা অব্যাহত রাখতে তিনি ইইউর প্রস্তুতি ঘোষণা করেন।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।