পোল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ
ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে সবরকম প্রচেষ্টা চালাতে প্রস্তুত ইরান: রায়িসি
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ ইউরোপে চলমান যুদ্ধের বিরোধী এবং ওই যুদ্ধ বন্ধের জন্য কূটনৈতিক তৎপরতাসহ সব রকম প্রচেষ্টা চালাতে প্রস্তুত রয়েছে। তিনি বুধবার পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্ডারজেজ ডুডার সঙ্গে এক টেলিফোনালাপে ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযান সম্পর্কে তার দেশের এ অবস্থান ঘোষণা করেন।
ইউক্রেন যুদ্ধ সম্পর্কে পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে যে অভিযোগ করছে তা নাকচ করে রায়িসি বলেন, তার দেশ চলমান যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিয়েছে এবং এ যুদ্ধ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে।
আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো দাবি করছে, ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়ার হাতে অন্যান্য সমরাস্ত্রের সঙ্গে কমব্যাট ড্রোন তুলে দিয়েছে ইরান।
ইব্রাহিম রায়িসি পোল্যান্ডের সঙ্গে তার দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়েও কথা বলেন। তিনি বলেন, দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার জন্য ওয়ারশ’ ও তেহরান উভয়ের প্রচেষ্টা চালানো উচিত। টেলিফোনালাপে ডুডা বলেন, একথা সবাই জানে যে, ইরান সব সময় বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চেষ্টা করেছে।তিনি দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দু’দেশের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানান।#
পার্সটুডে/এমএমআই/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।