আমাদের সব পরমাণু স্থাপনায় আইএইএ'র পর্যবেক্ষণ অব্যাহত : ইরান
-
ইসলামি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, ইরানের সব পরমাণু স্থাপনায় আইএইএ'র পর্যবেক্ষণ তৎপরতা অব্যাহত রয়েছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ'র ১৬টি প্রতিবেদনে এটা স্বীকার করা হয়েছে যে, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ লক্ষ্য থেকে সরে যাচ্ছে এমন কোনো লক্ষণ দেখা যায়নি।
তিনি ২২ নভেম্বরের ইরানবিরোধী প্রস্তাবের নিন্দা জানিয়ে বলেন, আইএইএ'র নির্বাহী পরিষদ ইহুদিবাদী ইসরাইলের চাপে পড়ে ঐ প্রস্তাব পাস করতে বাধ্য হয়েছে। এ কারণে এ ধরণের প্রস্তাবের কোনো মূল্য নেই বলে তিনি জানান। ইসলামি'র মতে, এ ধরনের তৎপরতা আইএইএ'র গ্রহণযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করে।
পরমাণু সমঝোতা প্রসঙ্গে তিনি বলেন, ইরানবিরোধী নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার হলেই কেবল তেহরান পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রক্রিয়ায় ফিরে যাবে। পরমাণু সমঝোতা সইয়ের পর ইরানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন বন্ধ হবে বলে এর আগে বলা হলেও বাস্তবে তা হয়নি বলে জানান মোহম্মাদি ইসলামি।#
পার্সটুডে/এসএ/৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।