নাসের কানয়ানির প্রত্যয়:
ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করবে ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি
ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা ও দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ গতকাল (সোমবার) যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়ে ইইউ’র বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়ার প্রত্যয় জানিয়েছে তেহরান।
ইইউ গতকাল (সোমবার) ইরানের ৩২ ব্যক্তি ও দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। যথাযথভাবে হিজাব না পরার কারণে পুলিশের হাতে আটক একজন নারীর মৃত্যুকে কেন্দ্র করে ইরানে গত বছরের সেপ্টেম্বরে বিদেশি মদদে সহিংসতা শুরু হওয়ার পর এই নিয়ে পঞ্চম দফা নিষেধাজ্ঞা আরোপ করল ইইউ।
ইউরোপের পক্ষ থেকে ওই ঘোষণা আসার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি তেহরানে এক ঘোষণায় বলেন, “ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামি প্রজাতন্ত্র ইরান শিগগিরই ইইউর বিরুদ্ধে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করবে।”
ইইউ ইরানের যেসব কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের মধ্যে রয়েছেন সংস্কৃতি ও ইসলামি দিক-নির্দেশনামন্ত্রী মোহাম্মাদ মেহদি ইসমাইলি, শিক্ষামন্ত্রী ইউসেফ নূরি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির উপ কমান্ডার ও মুখপাত্র, কয়েকজন সংসদ সদস্য, ইরানের বিচার বিভাগ ও পুলিশের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা ও কয়েকজন কারাপ্রধান।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।