আফগানিস্তানে দায়েশের তৎপরতায় উদ্বেগ জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i12682-আফগানিস্তানে_দায়েশের_তৎপরতায়_উদ্বেগ_জানাল_ইরান
আফগানিস্তানে উগ্র তাকফিরি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের তৎপরতা ক্রমশ বাড়তে থাকায় এর প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী উপ প্রতিনিধি গোলাম হোসেইন দেহকানি। গতকাল (মঙ্গলবার) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া বক্তৃতায় ইরানের এ উদ্বেগের কথা জানিয়েছেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২২, ২০১৬ ১২:০৬ Asia/Dhaka
  • আফগানিস্তানে দায়েশের তৎপরতায় উদ্বেগ জানাল ইরান

আফগানিস্তানে উগ্র তাকফিরি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের তৎপরতা ক্রমশ বাড়তে থাকায় এর প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী উপ প্রতিনিধি গোলাম হোসেইন দেহকানি। গতকাল (মঙ্গলবার) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেয়া বক্তৃতায় ইরানের এ উদ্বেগের কথা জানিয়েছেন তিনি।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথিত লড়াইয়ের অংশ হিসেবে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী ২০০১ সালে আফগানিস্তানে অভিযান চালানোর পর দেশটিতে সহিংসতা এখন মারাত্মক আকার ধারণ করেছে বলে জাতিসংঘের মহাসচিব বান কি মুন সম্প্রতি একটি প্রতিবেদনে জানিয়েছেন। বান কি মুনের ওই প্রতিবেদনকে গুরুত্বসহকারে নিতে আন্তজার্তিক সমাজের দৃষ্টি আকর্ষন করেন হোসেইন দেহকানি।

আফগানিস্তানে তাকফিরি দায়েশের কর্মতৎপরতা ছাড়াও কথিত ‘ইসলামিক মুভমেন্ট উজবেকিস্তান’ নামে পরিচিত দায়েশ-খোরাসান এবং 'পূর্ব তুর্কেস্তান ইসলামি মুভমেন্টে'র ব্যাপারেও সতর্ক করেন তিনি। এসব উগ্র গোষ্ঠীকে এখনোই মোকাবেলা করতে ব্যর্থ হলে আফগানিস্তানের ভবিষ্যত আরো সংকটাপন্ন হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ইরাক ও সিরিয়ায় তৎপর তাকফিরি দায়েশ গত কয়েক মাস ধরে আফগানিস্তানে নিজেদের দলে সন্ত্রাসীদের নিয়োগ দিচ্ছে । তালেবান নিয়ন্ত্রিত এলাকায় দায়েশ তাদের নৃশংসতা চালানোর চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে।

আফগানিস্তান এখন বড় ধরণের নিরাপত্তা, রাজনৈতিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে বলেও ইরানের এই কর্মকর্তা উল্লেখ করেন। এছাড়া, আফগানিস্তানে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে ইরান দেশটির সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারে বিবেচনা করছে বলেও জানান হোসেইন দেহকানি।#

 

পার্সটুডে/ বাবুল আখতার/২২