ইইউ জোট থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া সম্পর্কে যা বলল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i12988-ইইউ_জোট_থেকে_যুক্তরাজ্যের_বের_হয়ে_যাওয়া_সম্পর্কে_যা_বলল_ইরান
ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার ব্রিটিশ জনগণের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইরান। এ ফলে যুক্তরাজ্যের সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জুন ২৫, ২০১৬ ১৬:৫৭ Asia/Dhaka
  • ইইউ জোট থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া সম্পর্কে যা বলল ইরান

ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার ব্রিটিশ জনগণের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ইরান। এ ফলে যুক্তরাজ্যের সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের ২৮ জাতির এ জোট থেকে ব্রিটেন বের হয়ে যাওয়ার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে বলেছে, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগে ব্রিটিশ জনগণের ভোটের প্রতি ইরান শ্রদ্ধা দেখাচ্ছে। বৈদেশিক সম্পর্কের নিয়ন্ত্রণকারী দেশটির সংখ্যা গরিষ্ঠ মানুষের ইচ্ছার সঙ্গে ইরান এক সাথে কাজ করবে বলেও মন্ত্রণালয় তার বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, পারস্পরিক শ্রদ্ধা এবং একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মাধ্যমে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরো বাড়ানোর ব্যাপারে ইরান সব সময় আগ্রহী। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার ফলে লন্ডনের প্রতি তেহরানের নীতিতে কোনো পরিবর্তন হবে না বলেও বিবৃতিতে বলা হয়েছে।

গত ৪৩ বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের সদস্য ছিল বৃটেন। কিন্তু বৃহস্পতিবারের গণভোটে শতকরা ৫১.৯০ ভাগ ভোটার ওই ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেন। আর ইইউতে থেকে যাওয়ার পক্ষে হ্যা ভোট দেন ৪৮.১০ ভাগ ভোটার। অর্থাৎ এক কোটি ৭৪ লাখ ব্রিটিশ নাগরিক জানিয়েছেন, তারা আর ইইউ’র সঙ্গে থাকতে চান না। অন্যদিকে এক কোটি ৬১ লাখ নাগরিক বলেছেন, তাদের দেশের উচিত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জোটবদ্ধ থাকা। বৃহস্পতিবারের গণভোটে প্রায় ৭২ শতাংশ নিবন্ধিত ভোটার অংশ নিয়েছেন।

এদিকে, ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেয়ার পর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন। তিনি আজ (শুক্রবার) লন্ডনের ডাউনিং স্ট্রিটে সাংবাদিকদের বলেছেন, তিনি অক্টোবর নাগাদ- আগামী শরতে পদত্যাগ করবেন। সে সময় তার দল কনজারভেটিভ পার্টির সম্মেলন হওয়ার কথা রয়েছে।#

 

পার্সটুডে/বাবুল আখতার/২৫