হামাসের বিরুদ্ধে লড়াই করতে পারবে না ইসরাইল
স্থল হামলা হলে গাজা ইসরাইলিদের কবরস্থানে পরিণত হবে: আইআরজিসি প্রধান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করতে অক্ষম। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গাজা উপত্যকায় দখলদার বাহিনী স্থল হামলা চালালে গাজা হবে তাদের কবরস্থান।
তিনি বলেন, “ইসরাইলিরা এখন পর্যন্ত সমস্ত স্থল হামলায় পরাজিত হয়েছে। হামাসের বিরুদ্ধে লড়াই করার সামর্থ্য তাদের নেই। হামাসের বিরুদ্ধে যদি ইসরাইলি সেনারা স্থল যুদ্ধকে বেছে নেয়, তবে তাদের গ্রাস করা হবে এবং গাজা তাদের কবরস্থানে পরিণত হবে।" আজ (শনিবার) ইরানের পশ্চিমাঞ্চলীয় খুররমাবাদ শহরে এক অনুষ্ঠানে মেজর জেনারেল হোসেইন সালামি এসব কথা বলেন।
তিনি জোর দিয়ে বলেন, ৭ অক্টোবর হামাসের অপারেশন আল-আকসা স্টর্মের ফলে তেল আবিব একটি "অসাধারণ, নজিরবিহীন, মর্মান্তিক এবং বিস্ময়কর" আঘাতের শিকার হয়েছে। জেনারেল সালামি বলেন, "ইসরাইল এবং তার পৃষ্ঠপোষকদের উন্মত্ত এবং উন্মাদনাপূর্ণ প্রতিক্রিয়া স্পষ্ট করে দিচ্ছে যে, হামাসের হামলায় তারা বিভ্রান্ত ও বিস্মিত এবং তারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে।"
তিনি বলেন, আমেরিকা কয়েক দশক ধরে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে পৈশাচিক ষড়যন্ত্র করে চলেছে। জেনারেল সালামি প্রশ্ন করেন- "মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্রে ইহুদিবাদীদের উপস্থিতির কী যুক্তি থাকতে পারে।"
আইআরজিসি প্রধান বলেন, “ইহুদিবাদীরা মুসলিম ভূখণ্ডকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যতক্ষণ তারা এখানে উপস্থিত থাকবে ততক্ষণ আমরা অপকর্ম এবং নিরাপত্তাহীনতা ছাড়া আর কিছু দেখতে পাব না। তারা পুরো মুসলিম বিশ্বকে সংকটের মধ্যে নিমজ্জিত করার জন্য বিভিন্ন জায়গায় চরমপন্থা ও উগ্রবাদকে উৎসাহিত করেছে।”#
পার্সটুডে/এসআইবি/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।