শহীদেরাই জাতীয় পরিচিতি, ইরানিদের এটা ভুলে গেলে চলবে না: ইরানের সর্বোচ্চ নেতা
-
ইরানের সর্বোচ্চ নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শহীদেরা হলেন ইরানের জাতীয় পরিচিতি এবং নিজেদের পরিচিতি ভুলে গেলে চলবে না।
ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের ১০ হাজার শহীদের স্মরণে আয়োজিত কংগ্রেসের সংগঠকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেছেন। গত ৬ ডিসেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হলেও ঐ বৈঠকে সর্বোচ্চ নেতার বক্তব্য আজ (বৃহস্পতিবার) প্রকাশ করা হয়েছে।
তিনি আরও বলেছেন, শহীদদের স্মরণসভা মানে শুধু তাদের বিষয়ে স্মৃতিচারণ নয়। তাদের বিশেষ গুণাবলী বিশেষকরে ঈমান, তাকওয়া, শাহাদাত লাভের আকাঙ্ক্ষা, নানা বিসর্জন ও সাহসিকতার কথা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, শহীদেরা হলেন তরুণদের জন্য সর্বোত্তম আদর্শ। ইরানের ইতিহাসে তা লিপিবদ্ধ থাকতে হবে। শিল্প-সাহিত্যের মাধ্যমে যেমন সিনেমা, কবিতা ও বইয়ের মাধ্যমে শহীদদের উজ্জ্বল চেতনা নয়া প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। এর ফলে তরুণেরা তাদের ভবিষ্যৎ চলার পথ নির্ধারণ করতে পারবে। এ সময় তিনি শহীদদের পরিবারের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং শহীদদের পরিবার ও বন্ধু-বান্ধবদের স্মৃতিকথা সংরক্ষণের ওপর জোর দেন।
ইরানের সর্বোচ্চ নেতা দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের মানুষের নানা অবদানের কথা স্মরণ করে তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানান।
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, ইরানের পূর্ব আজারবাইজান হচ্ছে শহীদ ও আত্মবিসর্জন-কারীদের লালন কেন্দ্র। #
পার্সটুডে/এসএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।