জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়ার প্রস্তাবকে স্বাগত জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i137510-জাতিসংঘে_ফিলিস্তিনের_পূর্ণ_সদস্যপদ_পাওয়ার_প্রস্তাবকে_স্বাগত_জানাল_ইরান
ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেয়ার পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদ যে রায় দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইরান। শুক্রবার রাতে ওই পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে বেশিরভাগ সদস্যদেশ ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১১, ২০২৪ ০৮:০১ Asia/Dhaka
  • ইরাভানি
    ইরাভানি

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেয়ার পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদ যে রায় দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইরান। শুক্রবার রাতে ওই পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে বেশিরভাগ সদস্যদেশ ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে নিরাপত্তা পরিষদকে অনুরোধ জানিয়েছে।

ভোটাভুটিতে জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৪টি সদস্যদেশের মধ্যে ১৪৩টি দেশই এ সংক্রান্ত প্রস্তাবের পক্ষে রায় দেয়। আমেরিকা ও ইসরাইলসহ মাত্র নয়টি দেশ প্রস্তাবটির বিপক্ষে রায় দেয় আর ভোটদানে বিরত ছিল ২৫টি দেশ।

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি সাধারণ পরিষদে দেয়া এক বক্তৃতায় বলেছেন, “ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেয়ার বিষয়টি অনুমোদন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ঐতিহাসিক অবিচার মোকাবেলার প্রথম পদক্ষেপ এবং একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।”

শুক্রবার রাতে আরব দেশগুলোর পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করে সংযুক্ত আরব আমিরাত। প্রস্তাবে গত ১৮ এপ্রিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত ভোটাভুটিতে আমেরিকার ভেটো ক্ষমতা প্রয়োগের ব্যাপারে ‘গভীর দুঃখ ও উদ্বেগ’ প্রকাশ করা হয়।

ইরানি কূটনীতিক ইরাভানি তার বক্তৃতায় আরো বলেন, তেহরান সাধারণ পরিষদের এ সিদ্ধান্তকে সমর্থন করে যা ফিলিস্তিনের জনগণের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের বাধ্যবাধকতা পূরণে এবং তাদের কিছু অন্তর্নিহিত অধিকার পুনরুদ্ধারের ক্ষেত্রে একটি ‘নমনীয় অথচ গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি বলেন, প্রস্তাবটিতে এ বিষয়টিতে ‘সঠিকভাবে’ জোর দেয়া হয়েছে যে, জাতিসংঘ সনদের ৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ফিলিস্তিন এই বিশ্ব সংস্থার পূর্ণ সদস্য হওয়ার যোগ্য। #

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।