দায়েশ-বিরোধী লড়াইয়ে সহযোগিতার প্রস্তাব দিল ইরান
-
কুয়েতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা এনায়েতি
পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত দেশগুলোকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে ইরান।
কুয়েতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা এনায়েতি বলেছেন, উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিবেশি দেশগুলোকে সহায়তা করতে ইরান প্রস্তুত রয়েছে। কুয়েতের আল-জারিদা পত্রিকার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ প্রস্তাব দেন। তিনি বলেন, সমস্ত তাকফিরি এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোকে সহায়তার জন্য ইরান তার দরজা খোলা রেখেছে।
এনায়েতি বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান সবসময় এ ধরনের সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করে আসছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে এরা কী ধরনের বিপদের ঝুঁকি সৃষ্টি করেছে সে সম্পর্কে তেহরান সম্পূর্ণ অবগত।” তিনি জোর দিয়ে বলেন, এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধেই ইরাক ও সিরিয়ায় তার দেশের সামরিক উপদেষ্টারা কাজ করছেন। এছাড়া, ইরানের ভেতরে সন্ত্রাসীদের সম্ভাব্য তৎপরতার প্রচেষ্টা সফলতার সঙ্গে নস্যাৎ করতে সক্ষম হয়েছে তেহরান।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯