ইরান আত্মসমর্পন করবে-শত্রুদের এমন স্বপ্নকে আমরা কবরে পাঠিয়ে দেব: ইরানের প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/iran-i157606-ইরান_আত্মসমর্পন_করবে_শত্রুদের_এমন_স্বপ্নকে_আমরা_কবরে_পাঠিয়ে_দেব_ইরানের_প্রেসিডেন্ট
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট কিছুক্ষণ আগে টেলিভিশনে দেয়া এক ভিডিও বার্তায় জনগণকে উদ্দেশ্য করে বলেছেন, শত্রুরা আশা করছে আমরা আত্মসমর্পন করবো। কিন্তু তাদের আশা আস্তকুঁড়ে নিক্ষিপ্ত হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৭, ২০২৬ ১২:২০ Asia/Dhaka
  •  প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
    প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট কিছুক্ষণ আগে টেলিভিশনে দেয়া এক ভিডিও বার্তায় জনগণকে উদ্দেশ্য করে বলেছেন, শত্রুরা আশা করছে আমরা আত্মসমর্পন করবো। কিন্তু তাদের আশা আস্তকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

তাসনিম বার্তাসংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার ভিডিও বার্তায় স্বাধীনতা ও মানবাধিকার দাবিদারদের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির শাহাদাত এবং স্কুল শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, তারা আন্তর্জাতিক আইন অঙ্ঘন করে যেখানে ইচ্ছা সেখানে বোমাবর্ষণ করছে- স্কুল, হাসপাতালসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা কোনো কিছুই তারা বাদ দিচ্ছে না।  

ইরানের প্রেসিডেন্ট জনগণকে উদ্দেশ্য করে বলেন, যত কষ্টই হোক আপনারা প্রতিরাতে রাজপথ ও স্কয়ারগুলোতে অবস্থান নিন। যেকোনো ইরানি যারা এ দেশে বসবাস করে সে যে মাজহাবেরই হোক, যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক তারা যেন আমাদের ইরান ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষায় এবং আমাদের ইতিহাস ঐতিহ্যকে সমুন্নত রাখতে যেন রাজপথে উপস্থিত থেকে প্রতিবাদ ও শ্লোগান অব্যাহত রাখে। যাতে আমাদের শত্রুরা হতাশ হয়ে পড়ে।  

তিনি বলেন, আমাদের নিজেদের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও আজ সেসবকে উপেক্ষা করে একে অপরের পাশে দাঁড়ান এবং হাতে হাত রেখে নিজ দেশের মাটি ও পানিকে রক্ষা করুন যাতে যতদিন জীবন আছে ততদিন শক্ত প্রতিরোধ গড়ে তুলে আমরা মাথা উঁচু করে চলমান সংকট থেকে বেরিয়ে আসতে পারি।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, বিনা শর্তে ইরান আত্মসমর্পন করবে শত্রুদের এমন প্রত্যাশাকে আমরা দুরাশায় পরিণত করবো। তাদের স্বপ্নকে আমরা কবরে পাঠিয়ে দেব।  

তিনি প্রতিবেশী দেশগুলোতে ইরানের সামরিক হামলার বিষয়ে ক্ষমা চেয়ে নিয়ে বলেন, ইসরায়েল-মার্কিন আগ্রাসনে আমরা সর্বোচ্চ নেতাকে হারিয়েছি, শীর্ষ সামরিক কমান্ডারদেরকে হারিয়েছি। কমান্ডারবিহীন অবস্থায় আমাদের সশস্ত্র বাহিনী জীবনবাজি রেখে যুদ্ধ করছে যাতে আমরা নিজেদের আত্মরক্ষা করতে পারি।  

ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, আমরা প্রতিবেশী দেশগুলোতে হামলা করতে চাই না। যেমনটি আমরা আগেও বহুবার বলেছি প্রতিবেশীরা আমাদের প্রিয় ভাই এবং আমরা সবাই হাতে হাত মিলিয়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারি।  

তিনি জনগণকে উদ্দেশ্য করে বলেন, আমরা চেষ্টা করছি জনগণের যাতে কোনো অসুবিধা না হয় কিন্তু আমরা এক সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিয়েছি। পবিত্র এই রমজান মাসে আল্লাহ যেন আমাদেরকে সেই ঈমান দান করেন যাতে আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং আমাদের জাতির সম্মান রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারি।  

তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশগুলোতে কিছু সশস্ত্র গ্রুপ রয়েছে যারা মনে করে এখনই ইরানের ভেতরে হামলা চালানোর  সুযোগ-তাদেরকে বলতে চাই তারা যেন সাম্রাজ্যবাদীদের হাতিয়ারে পরিণত না হয়। #

পার্সটুডে/এমআরএইচ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।