ইরানের পাল্টা হামলা জোরদার, ৬১তম ধাপে তেল আবিবে শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত
https://parstoday.ir/bn/news/iran-i157886-ইরানের_পাল্টা_হামলা_জোরদার_৬১তম_ধাপে_তেল_আবিবে_শতাধিক_লক্ষ্যবস্তুতে_আঘাত
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ৬১তম ধাপে তেল আবিবে ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের শিকার ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদ সচিব ড. আলী লারিজানির শাহাদাতের প্রতিশোধ হিসেবে এই অভিযানটি চালানো হয়।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ১৮, ২০২৬ ১১:১৬ Asia/Dhaka
  • তেল আবিব জ্বলছে
    তেল আবিব জ্বলছে

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ৬১তম ধাপে তেল আবিবে ১০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের শিকার ইরানের জাতীয় নিরাপত্তা উচ্চ পরিষদ সচিব ড. আলী লারিজানির শাহাদাতের প্রতিশোধ হিসেবে এই অভিযানটি চালানো হয়।

আজ (বুধবার) প্রকাশিত বিবৃতিতে বলা হয়, মাল্টি-ওয়ারহেড বিশিষ্ট খোররামশাহর-৪ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইমাদ ও খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব আঘাত হানা হয়। এসব হামলায় অধিকৃত ভূখণ্ডের কেন্দ্রস্থলে থাকা সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুগুলোতে কোনো বাধা ছাড়াই আঘাত হানা সম্ভব হয়েছে বলে আইআরজিসি’র বিবৃতিতে উল্লেখ করা হয়।  

আইআরজিসি’র মতে, ইসরায়েলের বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ায় এই সফলতা এসেছে। হামলার পর তেল আবিবে আংশিক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসরায়েলি বাহিনীকে বেগ পেতে হচ্ছে।  

আইআরজিসি জানায়, এই সামরিক অভিযানে এখন পর্যন্ত ২৩০ জনের বেশি ইসরায়েলি নিহত বা আহত হয়েছে। তেল আবিব ছাড়াও আল-কুদস, হাইফা, বীরশেবা এবং নেগেভ মরুভূমির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। পাশাপাশি কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

এদিকে আইআরজিসির অ্যারোস্পেস বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি জানিয়েছেন, প্রতিশোধমূলক এই অভিযান আরও জোরদার করা হবে। সামনে আরও কঠোর হামলা আসছে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “আজ রাতে শত্রুর আকাশ আরও বড় দৃশ্যে পরিণত হবে।”   

তার মতে, জনগণের দাবির প্রেক্ষিতে শত্রুদের বিরুদ্ধে আরও শক্ত আঘাত হানার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ইরানের বিরুদ্ধে কোনো পক্ষই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না।

বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে ইসলামি বিপ্লবের নেতা সাইয়্যেদ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও বহু সাধারণ মানুষ শহীদ হয়েছেন। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ইতোমধ্যে ৬০টির বেশি ধাপে পাল্টা হামলা চালিয়েছে।

আইআরজিসি বলছে, ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর আওতায় ব্যালিস্টিক, হাইপারসনিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করে অঞ্চলজুড়ে গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত থাকবে।#

পার্সটুডে/এমএআর/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।