বিশ্ববিদ্যালয়ে মার্কিন-ইসরায়েলি হামলা তাদের বেপরোয়া আচরণের বহিঃপ্রকাশ: আব্বাস আরাকচি
-
ইরানের পরারাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
ইরানের পরারাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বিশ্ববিদ্যালয়ে বোমা হামলাকে শত্রুর বেপরোয়া কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ইসরায়েলি শাসক গোষ্ঠী এবং তার অপরাধমূলক কাজের অংশীদাররা এখনো বিশ্বাস করে যে বোমার মাধ্যমে জ্ঞানকে ধ্বংস করা যাবে।
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গতকাল রোববার তার এক্স একাউন্টে দেয়া এক বার্তায় বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠী এবং অংশীদার অপরাধীরা বিশ্বাস করছে যে জ্ঞান বোমার মাধ্যমে ধ্বংস করে ফেলা যাবে। এর অংশ হিসেবে অপরাধী শাসক গোষ্ঠী এর আগে ইরানি বিজ্ঞানীদের হত্যা করেছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে এবং এখন তারা বিশ্ববিদ্যালয়ে হামলা চালাচ্ছে। আব্বাস আরাকচি বলেন, প্রকৃত বাস্তবতা হচ্ছে আপনারা হতাশ হয়ে পড়েছেন এবং আপনাদের এসব ঘৃণ্য কর্মকাণ্ড ইরানি জাতিকে আরো জ্ঞানের প্রতি ধাবিত করবে।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ইরানের বিশ্ববিদ্যালয় এবং বৈজ্ঞানিক ও গবেষণা কেন্দ্রগুলোতে হামলা চালানোর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, “আগ্রাসীরা দিন দিন এই যুদ্ধের আসল উদ্দেশ্য আরও বেশি করে প্রকাশ করছে। বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা ইরানের বৈজ্ঞানিক উন্নয়নে তাদের ঘৃণার বহিঃপ্রকাশ।“
বাকায়ি বলেন, “ইরানি জাতির বিরুদ্ধে চাপিয়ে দেয়া এই যুদ্ধে গত ৩০ দিনে আক্রান্ত হওয়া কয়েক ডজন বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রের মধ্যে ইস্ফাহান ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং তেহরান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হামলা থেকে বোঝা যায়- শত্রুরা মরিয়া হয়ে উঠেছে কিন্তু এতে তাদের লাভ হবে না। কারণ ইরানের জ্ঞান-বিজ্ঞান কোনো আমদানি করা বিষয় নয় বরং তা এক প্রাচীন সভ্যতার চিরস্থায়ী সম্পদ, যা সবসময় কৃতিত্বের সাথে মানব সমাজকে সেবা দিয়ে এসেছে।”
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেছেন: "পারমাণবিক কর্মসূচি এবং আসন্ন হামলার হুমকির কথা বলে শত্রুরা যে আগ্রাসন চালাচ্ছে- তা হাস্যকর ও মনগড়া অজুহাত ছাড়া আর কিছুই নয়।"#
পার্সটুডে/এমবিএ//২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।